
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে এত দিন কাজ করেছেন মৌনী রায়। বড় পর্দাতেও পা রেখেছেন অভিনেত্রী মৌনী। তাঁকে নাচ করতে দেখা গিয়েছে ‘তুম বিন ২’, ‘কেজিএফ’-এর মতো ছবির গানে। তবে গুরুতর অসুখে পড়েছেন তিনি। অসুস্থতার জেরে টানা ন’দিন হাসপাতালেও ভর্তি ছিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় সেই খবর সবার সঙ্গে ভাগ করে নিলেন নায়িকা।
হাসপাতালের বিছানায় শুয়ে মৌনী, হাতে তাঁর স্যালাইনের চ্যানেল করা। তাঁর হাত ধরে রয়েছেন এক প্রিয়জন। কখনও পোষ্যের সান্নিধ্যে, কখনও আবার অনলাইনে লুডো খেলে হাসপাতালে থাকাকালীন সময় কাটিয়েছেন অভিনেত্রী। এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন স্বামী সূরজ নাম্বিয়ার, জানিয়েছেন মৌনী। ইনস্টাগ্রামের পাতায় একাধিক ছবি পোস্ট করে মৌনী লেখেন, ‘‘হাসপাতালে ন’দিন কাটালাম। এই সময়ে চারপাশে যা দেখেছি, তার থেকে অনুভব করেছি অনেক বেশি। আমি বাড়ি ফিরেছি অবশেষে, এটা বলতে পেরেও ভাল লাগছে। আস্তে আস্তে সুস্থ হচ্ছি। প্রিয়জনদের কাছে ফিরতে পেরে ভাল লাগছে। আমি আমার প্রিয় বন্ধুদের ধন্যবাদ জানাই, যাঁরা ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আমার যত্ন নিয়েছেন, আমাকে শুভেচ্ছাবার্তা ও ভালবাসা পাঠিয়েছেন। তোমাদের সবাইকে খুব ভালোবাসি।’’ স্বামী সূরজের উদ্দেশে মৌনী লিখেছেন, ‘‘তোমার মতো আর এক জনও নেই... তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।’’
