
মুম্বই ও কোচি, ৯ আগস্ট : চলচ্চিত্র জগতে ফের শোকের ছায়া, প্রয়াত হয়েছেন সলমন খানের ‘বডিগার্ড’ ছবির পরিচালক সিদ্দিকি ইসমাইল। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে। টানা ৩০ ঘণ্টার লড়াই করেও শেষরক্ষা হল না। মঙ্গলবার রাত ৯টা নাগাদ হাসাপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন খ্যাতনামী এই পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩।
বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। মঙ্গলবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় পরিচালককে। তবে মঙ্গলবাল রাতে প্রয়াত হন মালয়ালি সিনেমার এই জনপ্রিয় পরিচালক।
তিন দশকের বেশি সময় দক্ষিণী ছবির সঙ্গ যুক্ত। ‘রামাজি রাও স্পিকিং’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি। এরপর ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’-র মতো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। হিন্দিতে খুব বেশি ছবি না করলেও প্রথম ছবিই হিট। বলিউডে তাঁর অভিষেক হয় ‘হলচল’ ছবির মাধ্যমে। প্রিয়দর্শন পরিচালিত এই ছবির চিত্রনাট্যকার ছিলেন তিনি। তার পর ২০১১ সালে সলমন খান, করিনা কপূর অভিনীত ‘বডিগার্ড’ ছবির পরিচালনা করেন।
