
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর দিনগুলিতে কী পরবেন, তা নিয়ে আগে থেকেই শুরু হয়ে যায় নানা পরিকল্পনা। কোন ধরনের টপ, কুর্তি কিংবা শাড়ি সাজে নতুনত্ব আনবে, তা নিয়ে যেমন ভাবনা থাকে, তেমনই শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ বাছাইয়েও নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। কেউ পছন্দ করেন পিঠখোলা ব্লাউজ, আবার কারও পছন্দ অফ-শোল্ডার বা একটু অন্যধারার কাটিং।
তবে পছন্দের পোশাক পরার সময় অনেকেরই একটা বিষয় নিয়ে অস্বস্তি থাকে—পোশাকের ফাঁক দিয়ে অন্তর্বাস দেখা যাচ্ছে না তো? সামান্য অসতর্কতাতেই নষ্ট হতে পারে গোটা সাজ। তাই পোশাকের ধরন ও কাটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক অন্তর্বাস বেছে নেওয়াটাও পুজোর সাজের গুরুত্বপূর্ণ অংশ। নিশ্চিন্তে এবং স্বচ্ছন্দে পছন্দের পোশাক পরতে চাইলে তাই পুজোর শপিং তালিকায় মানানসই অন্তর্বাস রাখতেও ভুলবেন না।
* পিঠখোলা পোশাক বেছে নিতেই পারেন। তবে এই পোশাকের সঙ্গে মানানসই 'স্টিক অন ব্রা' কিনতে ভুলবেন না। তাতে পোশাকের ভিতর থেকে অন্তর্বাস উঁকি দেওয়ার সম্ভাবনা থাকবে না। তার ফলে সাজ মাটি হওয়ারও কোনও সম্ভাবনা নেই।
* আবার পিঠখোলা পোশাকের সঙ্গে চাইলে 'শোল্ডার স্ট্র্যাপ ব্রা'-ও বেছে নিতে পারেন। তাতে পোশাকের ফাঁক দিয়ে অন্তর্বাস বেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না। ব্লাউজ থেকে টপ সবকিছুর সঙ্গে মানাবে ভালো।
* চওড়া কাট ব্লাউজও আপনি নির্ভয়ে কিনতে পারেন। তবে তার সঙ্গে 'লো ব্যাক ব্রা' কিনতে ভুলবেন না। তাতেই আর কোনও চিন্তাভাবনা থাকবে না। এছাড়া এই ধরনের অন্তর্বাস যেকোনও স্টান্ডার্ড কাটের ব্লাউজ কিংবা টপের সঙ্গেও পরতে পারেন।
* এবার পুজোর রাতে অফ শোল্ডার কোনও টপ কিংবা গাউন পরতে চান? তবে তার সঙ্গে মানানসই 'স্ট্র্যাপলেস ব্রা' পরতে পারেন। তাতে তাতে অস্বস্তির কোনও প্রশ্নই নেই। এই ধরনের ব্রা চাইলে অন্য ব্লাউজের সঙ্গেও ব্যবহার করতেই পারেন।
* গলার কাছে জড়ানো 'হল্টার ব্রা' এখন অনলাইন, অফলাইন সর্বত্র পাওয়া যায়। হল্টার নেক পোশাক কিংবা ব্লাউজও এখন বাজারে দিব্যি ইন। এই ধরনের পোশাকের সঙ্গে ওই অন্তর্বাস কিনতেই হবে। নইলে স্টাইলের দফারফা হতে বাধ্য।
* গলার কাট নিয়ে সমস্যার ফলে 'কনভার্টিবল ব্রা স্ট্র্যাপ' কিনে নিতে পারেন। 'স্প্যাগেটি স্ট্র্যাপ ব্রা'ও রাখতে পারেন কেনাকাটির তালিকায়। এই ধরনের অন্তর্বাস যেকোনও পোশাকের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন।
* অন্তর্বাস কেনাকাটির ক্ষেত্রে রং এবং মাপের কথা অবশ্যই মাথায় রাখা জরুরি। নইলে কিনে ঠকতে পারেন। বেশি গাঢ় রঙের অন্তর্বাস না কেনাই ভালো। কারণ, তা হালকা রঙের পোশাকের সঙ্গে পরা যায় না। তাই সবসময় সাদা কিংবা অফ হোয়াইট শেডের অন্তর্বাস কেনা ভালো।
* 'প্রিন্টেড ব্রা' দেখতে খুবই সুন্দর। তার সৌন্দর্য অন্য যেকোনও অন্তর্বাসকে গোল দিতে বাধ্য। তবে হালকা রঙের পোশাকের ক্ষেত্রে 'প্রিন্টেড ব্রা' আপনাকে বিব্রত করতে পারে। তাই 'প্রিন্টেড ব্রা' না কেনাই ভালো। আর পরলে পোশাকের সঙ্গে অন্তর্বাসের রং মিলিয়ে পরুন।
