kolkata

1 hour ago

Durga Pujo Pass scam: ‘সততার প্রতীক সেজে সবাইকে ফাঁসিয়েছেন’, পুজো পাস কাণ্ডে মমতার নাম জড়িয়ে দিলীপের তোপ

Mamata Banerjee & Dilip Ghosh
Mamata Banerjee & Dilip Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   পুজোর পাস সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে এবার নাম জড়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্দ্রনীল সেনের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টেও ঢুকেছিল বলে এক্স হ্যান্ডেলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই দাবিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ইডির এই অভিযোগের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কটাক্ষের সুরে তিনি বলেন, “উনি নিজে সততার প্রতীক সেজে সবাইকে ফাঁসিয়েছেন। এসব আর চলবে না।” 

গত কয়েকদিন ধরেই চর্চায় ইন্দ্রনীল সেন। তাঁর বিরুদ্ধে প্রি পুজো পাসের নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে তাঁর স্ত্রী-সহ একাধিকের। বৃহস্পতিবার সেই মামলা সংক্রান্ত একটি পোস্ট করে ইডি। সেখানে দাবি করা হয়, ২০২২ সাল থেকে প্রায় তিন বছর পুজোর পাসের নামে বিপুল টাকা তোলা হয়েছে। ওই টাকা পরবর্তীকালে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, কমপক্ষে ৮৫ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক সরকারি টেন্ডার নিয়ম ভেঙে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সংস্থাকে দেওয়ার গুরুতর অভিযোগও উঠেছে। ইন্দ্রনীলের মালিকাধীন সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকারও বেশি নগদ জমা পড়েছিল। ওই অ্যাকাউন্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পাঠানো হয় বলেই দাবি ইডির। 

এ প্রসঙ্গেই এদিন মমতাকে তুলোধনা করলেন দিলীপ। বললেন, “উনি নিজেকে সততার প্রতিমূর্তি রেখে বাকি সবাইকে ফাঁসিয়ে দিয়েছেন। তার নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছেন, উনার গায়ে কোনও কালি লাগেনি। কিন্তু এই চালাকিটা আর বেশিদিন চলবে না। বর্ষাতি গায়ে দিয়ে স্নান করার অভ্যাসটা ওনার চিরদিনের। ওনার জন্যই পুরো পার্টি আজ ডুবে গিয়েছে। নেতা-মন্ত্রীরা সবাই কলুষিত। উনি এতদিন বেঁচেছিলেন। এবার বের হচ্ছে আসল ঘটনা।” মমতার অ্যাকাউন্টে টাকা প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লেখিকা নন, উনি গান লেখেন, সুর করেন। ইন্দ্রনীল সেনের সংস্থার সঙ্গে ওনার চুক্তি ছিল। সেই মতোই টাকা পেয়েছেন।”

You might also like!