
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিতর্ক এড়িয়ে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। ২০২৪ সালের মে মাসে নিভৃতে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তিনি, যা টিনসেল টাউনের অনেকেই টের পাননি। সেই গোপন বিয়ের এক বছর না পেরোতেই জীবনে এল নতুন সুখবর—কন্যাসন্তানের বাবা হলেন মুনাওয়ার।
সূত্রের খবর, পয়লা মে শুক্রবার তাঁর স্ত্রী মেহজাবিন কোটওয়ালা একটি কন্যাসন্তানের জন্ম দেন। সোশ্যাল মিডিয়ায় নবজাতকের চারটি আবেগঘন ছবি পোস্ট করে এই সুখবর ভাগ করে নেন মুনাওয়ার। ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে নবজাতককে বুকে আগলে রেখেছেন মেহজাবিন। ক্যাপশনে তিনি লেখেন,‘ঘরে বরকত এসেছে। আজ আমায় প্রার্থনায় মনে রাখবেন।’ মুনাওয়ারের পোস্টে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন টেলি ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মী থেকে অনুরাগীরা।

ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার মধ্য দিয়ে এগিয়েছে মুনাওয়ারের পথচলা। ২০১৭ সালে জ্যাসমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তিন বছরের মধ্যেই সেই সম্পর্কে ভাঙন ধরে। ২০২২ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর ২০২৪ সালে ‘বিগ বস ১৭’ জেতার পর রূপটান শিল্পী মেহজাবিন কোটওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুনাওয়ার। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরেই অনুষ্ঠিত হয়েছিল। হিন্দি টেলিপাড়া থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একমাত্র হিনা খান। এবার মুনাওয়ার-মেহজাবিনের সংসারে নতুন সদস্যের আগমন।
উল্লেখ্য, এই নতুন সদস্যের আগমনে মুনাওয়ারের পরিবারে এখন তিন সন্তান। প্রথম পক্ষের ছেলে মিখাইল রয়েছে মুনাওয়ারের কাছেই এবং সৎ মা মেহজাবিনের সঙ্গে তার সম্পর্কও বেশ আন্তরিক। অন্যদিকে মেহজাবিনের আগের পক্ষের একটি কন্যাসন্তানও রয়েছে। সব মিলিয়ে, নতুন অতিথির আগমনে পরিবারে খুশির আমেজ স্পষ্ট। বিতর্কের ছায়া পেরিয়ে এবার পরিবারকেন্দ্রিক জীবনে নতুন অধ্যায় শুরু করলেন মুনাওয়ার—এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা।
