
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির পুজো মানেই উৎসবের পাশাপাশি প্রেমেরও মরশুম। অষ্টমীর সকালে প্রিয় মানুষের সঙ্গে ম্যাচিং পোশাকে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে রাতভর পুজো মণ্ডপে ঘোরাঘুরি—সবেতেই যেন জড়িয়ে থাকে প্রেমের ছোঁয়া। আর তাই পুজো এলেই সিঙ্গলদের মনটা একটু বেশিই খারাপ হয়ে যায়। বন্ধুরা যখন নিজেদের সঙ্গীর সঙ্গে পুজোর প্ল্যান করতে ব্যস্ত, তখন অনেক সিঙ্গলকেই কাটাতে হয় চারটি দিন একাকিত্বে।
কেউ বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন, আবার কেউ বা মন খারাপ করে ঘরের চার দেওয়ালের মধ্যেই কাটিয়ে দেন পুজোর দিনগুলি। তবে এবার সেই একাকিত্ব দূর করার সুযোগ আসছে। সিঙ্গলদের কথা মাথায় রেখেই হাজির হচ্ছে বিশেষ এক অ্যাপ, যেখানে নিজের বয়স, পছন্দ ও আগ্রহের সঙ্গে মিল রয়েছে—এমন কাউকে খুঁজে নেওয়ার সুযোগ থাকবে।
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে এই অ্যাপের নাম ‘পুজো ডেট’। ডাউনলোড করার পর মেয়েরা প্রথম নিজেদের নাম এনরোল করবেন এখানে। দিতে হবে ছবি, বয়স ও পুজোর কোন দিন ফাঁকা রয়েছেন তা। এরপর জানাতে হবে পছন্দের স্লট, অর্থাৎ দিনের কোন সময় ও কতক্ষণের জন্য পুজো পার্টনার খুঁজছেন তা। এরপরই ছেলেদের কাছে চলে যাবে স্লটের নোটিফিকেশন। তা দেখে পছন্দ মতো বেছে নিতে পারবেন তাঁরা। এরপর মিলবে সরাসরি চ্যাটিংয়ের সুযোগ।
ব্যস, এরপর ব্যক্তিগত চ্যাটে কথা বলে নিলেই ঝামেলা শেষ। নির্ধারিত দিতে সেজেগুজে চলে যাবেন লোকেশনে। সিঙ্গল হয়েও পুজো কাটবে সঙ্গীর সঙ্গেই। আর মনের মিল যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই। কে বলতে পারে, হয়তো পুজোর সঙ্গীই হয়ে যাবেন জীবন সঙ্গী। নিশ্চয়ই ভাবছেন, কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ? তাহলে জেনে রাখুন, এটি এখনও লঞ্চ করেনি। আগামী ১২ সেপ্টেম্বর এই অ্যাপটি আসবে। ওইদিন থেকে প্লে স্টোরে পেয়ে যাবেন ‘পুজো ডেট’।
