
রাঁচি, ১৩ আগস্ট: বেশ কয়েক দফা বৈঠকের পরও জট এখনও কাটেনি। ঝাড়খণ্ডের রাঁচিতে শিক্ষার্থীদের আন্দোলন বৃহস্পতিবার ২০-তম দিনে পড়েছে। দিন যত যাচ্ছে, ততই জোরালো হচ্ছে প্রতিবাদ। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের শরীরও ক্রমশ দুর্বল হচ্ছে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। ইতিমধ্যেই কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। তাতেও দমছেন না আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থী প্রেম নায়েক বৃহস্পতিবার সকালে বলেন, "আমার অনশন কর্মসূচির ১১-তম এবং আমাদের সামগ্রিক আন্দোলনের ২০-তম দিন। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসকরা আমাকে অনশন কর্মসূচি প্রত্যাহার করার পরামর্শ দিচ্ছেন; কিন্তু সরকার যেহেতু আমাদের দাবি মানছে না, তাই আমরা সবাই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মনে হয়, এমন পরিস্থিতিতে বেঁচে থাকার কোনও অর্থ নেই। আমরা চিকিৎসকদের জানিয়ে দিয়েছি, সরকার আমাদের দাবি পূরণ না করা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। গত রাতে প্রশাসনের লোকজন আমাদের দেখতে এসেছিলেন এবং আমরা তাঁদের মনোভাবের কিছুটা নমনীয়তা লক্ষ্য করেছি। তবে প্রশাসন এখনও যেভাবেই হোক আমাদের সরিয়ে দিতে চায় এবং চিকিৎসকদেরও একই ইচ্ছা।"
