
মুম্বই, ১৭ নভেম্বর : বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে নিজের বাংলোর বেআইনি নির্মাণ সরাতে শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বুলডোজার পৌঁছানোর আগেই এই পদক্ষেপ শুরু করে দিয়েছেন নারায়ণ রানে। এ কারণে অবৈধ নির্মাণের বিরুদ্ধে মুম্বই পৌর কর্পোরেশনের পদক্ষেপের প্রক্রিয়া আপাতত বন্ধ হয়েছে।
জানা গিয়েছে, নারায়ণ রানে মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত তার আধিশ বাংলোতে কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড) আইন লঙ্ঘন করে বেআইনি নির্মাণ করেছিলেন। সন্তোষ দান্দেকর নামে এক সমাজকর্মী এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেছিলেন।
মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এই অবৈধ নির্মাণ অপসারণের জন্য রানেকে নোটিশ জারি করে। রানে হাইকোর্টে চ্যালেঞ্জ করলেও সেই নোটিশ বহাল রাখে হাইকোর্ট এবং মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ জারি করে। এর পরে নারায়ণ রানে একই বিষয়ে হাইকোর্টে রিভিউ পিটিশন দায়ের করেন। আদালত ক্ষুব্ধ হয়ে নারায়ণ রানেকে ১০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। নারায়ণ রানেও বেআইনি নির্মাণ বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, কিন্তু সেখান থেকেও হতাশা আসে। এ কারণে আজ থেকে নারায়ণ রানে তার বিলাসবহুল বাংলোতে করা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করেন।
