Abhishek Banerjee: কল্যাণের সাসপেনশন প্রত্যাহারে মরিয়া অভিষেক! ওম বিড়লাকে চিঠি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

Abhishek Banerjee & Kalyan Banerjee
Abhishek Banerjee & Kalyan Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মহিলা সংরক্ষণ ও লোকসভা আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করাতে তৎপর কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই আগামী সোমবার, ৩০ নভেম্বর থেকে সংসদে শুরু হতে চলেছে তিন দিনের বিশেষ অধিবেশন। ওই দিনই লোকসভায় বিল দুটি পেশ করা হতে পারে। এরপর সেগুলি নিয়ে আলোচনা ও ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। আগামী ২ ডিসেম্বর রাজ্যসভায় এই সংক্রান্ত আলোচনা হওয়ার কথা। এই বিশেষ অধিবেশনকে বাদল অধিবেশনের বর্ধিত অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে আসন্ন অধিবেশনেও সাসপেনশনের মুখে থাকতে পারেন তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত বাদল অধিবেশনের শেষদিকে, ২২ জুলাই লোকসভায় এনসিপিআই সাংসদদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে, বিশেষত মহিলা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মিতালি বাগদের উদ্দেশে কটু কথা বলার অভিযোগে সাসপেন্ড হন মমতা তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর বাদল অধিবেশন আর সমাপ্তি ঘোষণা হয়নি। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘স্টেটাস’ এখনও ‘সাসপেন্ডেড’। এবার আগামী সপ্তাহে বিশেষ অধিবেশন শুরু হলেও কল্যাণ সাসপেন্ডেড থাকবেন। সেক্ষেত্রে লোকসভার কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না। এই যুক্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লাকে শুক্রবার চিঠি লিখলেন। তাতে তাঁর আবেদন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের মুখ্য সচেতক। তাই অধিবেশনে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। সেকথা বিবেচনা করে তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হোক বলে অভিষেক আবেদন জানিয়েছেন চিঠিতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠিতে নানা জল্পনা উসকে উঠেছে। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিলের অঙ্ক কি খুব কঠিন হতে চলেছে শাসক শিবিরের কাছে? বিরোধীরা এর বিরোধিতা করবেন, সেটা স্বাভাবিক। কিন্তু বিরোধী ঐক্যে ইতিমধ্যে ফাটল দেখা গিয়েছে। শরদ পওয়ারের এনসিপি পুনর্বিন্যাস বিলের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, আরজেডির এক সাংসদের বক্তব্যে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে বিলটি সমর্থন করেন। ফলে ক্রস ভোটিংয়ের আশঙ্কা থাকছে।

শনিবার বিরোধী ‘ইন্ডি’ জোটের বৈঠকের আগে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেছেন বলে সূত্রের খবর। তবে সব অঙ্কই লোকসভার অন্দরে। পক্ষে-বিপক্ষে ভোটের অঙ্কে নির্ধারিত হবে বিলের ভবিষ্যৎ। মমতা তৃণমূল শিবির বিলের বিরোধিতাতেই সরব হবে নিশ্চিত। ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের পর মমতা শিবিরে গুটিকয়েক সাংসদ। আর সেখানে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট দিতে না পারেন, তাহলে অঙ্ক নিয়ে চিন্তা থাকবে অভিষেকদের। এসব মাথায় রেখেই স্পিকারকে চিঠি লিখে কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…