TMC symbol row: তৃণমূলের দখল নিয়ে টানাপোড়েন অব্যাহত, ঋতব্রত ও কালীঘাট শিবিরকে নয়া সময়সীমা কমিশনের

Election Commission of India
Election Commission of India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আসল তৃণমূলের পরিচয় কার? এই প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি আপাতত আরও পিছিয়ে গেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং কালীঘাটের গোষ্ঠীর বক্তব্য শোনার পর দু’পক্ষকেই নতুন করে সময় দিল নির্বাচন কমিশন। কমিশনের বেঞ্চে নিজেদের অবস্থান তুলে ধরেছে দুই শিবিরই। নতুন করে নথিপত্র জমা দেওয়ার জন্য সময় চেয়ে আবেদন জানায় ঋতব্রত গোষ্ঠী। তবে সেই আবেদনের বিরোধিতা করে কালীঘাট শিবির। দু’পক্ষের বক্তব্য শোনার পর আরও তিন সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে ঋতব্রত গোষ্ঠীকে হলফনামা জমা দিতে হবে। এরপর পরবর্তী সাত দিনের মধ্যে নিজেদের হলফনামা পেশ করতে হবে কালীঘাট শিবিরকে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের গত ২৮ সেপ্টেম্বরের নির্দেশ অনুযায়ী, তিন মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। ফলে হাতে এখনও প্রায় এক মাস সময় রয়েছে কমিশনের। 

দিল্লি নির্বাচন সদনে তৃণমূলের জোড়াফুল প্রতীক ও স্বত্ব নিয়ে শুনানি ছিল। মমতা তৃণমূলের তরফে সেখানে হাজির ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ব্রায়েন, দোলা সেনরা। ঋতব্রত শিবিরের হয়ে উপস্থিত ছিলেন তাঁদের আইনজীবী ও ঋতব্রতরা। দীর্ঘক্ষণ শুনানি চলে। প্রথমে বেরিয়ে এসে মমতা তৃণমূলের প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা আরও নথি জমা দেওয়ার জন্য আবেদন করেছিল। আমরা বিরোধিতা করেছি। কারণ, তাঁরা যে মামলা দাঁড় করানোর চেষ্টা করছে, তা তাঁদের মূল আবেদনের থেকে আলাদা।” তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পালটা হলফনামা জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে। ওঁরা নতুন কোনও নথি জমা দিতে পারে না। সুপ্রিম কোর্ট পালটা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু পালটা হলফনামা জমা না দিয়ে তারা লিখিত বক্তব্য জমা দিয়েছে। লিখিত বক্তব্য আর মামলার আনুষ্ঠানিক জবাব এক জিনিস নয়। আমরা আমাদের আপত্তি জানিয়েছি। তাদের বক্তব্যের জবাবও আমরা দেব।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পর আসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামান। ঋতব্রত বলেন, “আমরা নির্বাচন কমিশনে ডকুমেন্ট কেন দিইনি তা পরিস্কারভাবে জানিয়েছি। একাধিক বিধায়ককে ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে সই করিয়েছিল। তাঁরা আবার থানায় এফআইআর বা অভিযোগ করেছেন আমরা তা কমিশনকে জানিয়েছি। এখন আমাদের দিতে কোনও অসুবিধা নেই। আমরা দিয়ে দেব।”

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনের পর তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে তৃণমূল। ঋতব্রত শিবির এখন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। যাদের প্রতীক ‘খাম’। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মমতা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস নাম। যাদের প্রতীক ‘ফুটবলার’। নির্বাচন কমিশনের উপ নির্বাচনে প্রতীক ‘ফ্রিজ’ করে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল মমতা তৃ্ণমূল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কমিশনকে তিনমাসের মধ্যে প্রতীক মামলার শুনানি শেষ করে সিদ্ধান্ত নিতে হবে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…