Deepam Row: 'কার্তিগাই দীপম'; নিরাপত্তা বাড়াতে তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ে মোতায়েন সিআরপিএফ

Devotees celebrate Karthigai Deepam festival
Devotees celebrate Karthigai Deepam festival

 

মাদুরাই, ২৮ নভেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশে তামিলনাড়ুর মাদুরাই জেলার তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ে প্রথাগত কার্তিগাই দীপম জ্বালানো নিশ্চিত করতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) মোতায়েন করা হয়েছে। শনিবার পাহাড়ের চূড়ায় ‘দীপ স্তম্ভে’ এই প্রদীপ জ্বালানোর কথা রয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট কার্তিগাই দীপম উৎসব উপলক্ষে তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ের চূড়ায় অবস্থিত ‘দীপ স্তম্ভে’ প্রদীপ জ্বালানোর অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চও এই আদেশ পালনের কথা বলেছিল। তবে, ২৪ নভেম্বর ঐতিহ্যগতভাবে উচি পিল্লাইয়ার মন্দিরের কাছের স্তম্ভেই প্রদীপ জ্বালানো হয়। পাহাড়ের চূড়ায় অবস্থিত বিতর্কিত দীপ স্তম্ভে প্রদীপ জ্বালানো হয়নি। এরপর মাদুরাইয়ের কালেক্টর নিশান্ত কৃষ্ণা সুপ্রিম কোর্টে ১৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে নিজের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।

এই মামলায় ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফের শুনানি হয়। শুনানির সময় কালেক্টরের পক্ষে যুক্তি দেওয়া হয় যে, প্রদীপ জ্বালানো তাঁর কাজ নয়। এতে আদালত চরম অসন্তোষ প্রকাশ করে এবং স্পষ্ট নির্দেশ দেয় যে ২৮ নভেম্বর পাহাড়ের চূড়ায় অবস্থিত দীপ স্তম্ভেই অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে। আদালত পুণ্যার্থীদেরও পাহাড়ের চূড়ায় প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছে। পাশাপাশি, সিআরপিএফ-কে অবিলম্বে পাহাড়ের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট এই মামলায় তামিলনাড়ুর মুখ্য সচিব, ডিজিপি, মাদুরাইয়ের কালেক্টর এবং পুলিশ সুপার-সহ মোট ১৩ জনকে আদালত অবমাননার নোটিশ জারি করেছে। মুখ্য সচিবকে বিস্তারিত একটি পাল্টা হলফনামা দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া, মন্দিরের ট্রাস্টি বোর্ড বাতিল করে মন্দিরের প্রশাসনিক দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতি এস. বৈদ্যনাথন ও পার্থিবনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এও স্পষ্ট করেছে যে, পাহাড়ে অবস্থিত সিকান্দার দরগার নিরাপত্তায় যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে। মন্দির ও দরগা এলাকা পৃথক রাখতে সীমানা প্রাচীর দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…