SSR | নতুন করে ভোটার তালিকা সংশোধন রাজ্যে, SSR শুরুর দিন জানাল কমিশন

West Bengal SSR 2026
West Bengal SSR 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক  |  পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে অবশেষে নতুন সময়সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে রাজ্যের ২০২৭ সালের সংশোধিত ভোটার তালিকার খসড়া। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি, ২০২৭। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ২৩ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এবার নতুন সূচি ঘোষণার ফলে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটল।

সিইও দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি বা কোনও আপত্তি জানানোর আবেদনের সময়সীমা ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। জমা পড়া দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ ১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে। পাশাপাশি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলোর পুনর্বিন্যাসের কাজ শেষ করা হবে।

২০২৭ সালের সংশোধিত ভোটার তালিকার জন্য ‘বিশেষ সংক্ষিপ্ত সংশোধন’ (এসএসআর) শুরু করা হচ্ছে। আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ ডিসেম্বর এবং ২, ৩, ৯ ও ১০ জানুয়ারি—বিশেষ প্রচার অভিযান করবে কমিশন। ‘বুথ লেভেল অফিসার’ (বিএলও)-রা নির্দিষ্ট ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন। তাঁরা ভোটারদের নাম নথিভুক্তকরণ, দাবি ও আপত্তি জানানো এবং ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য বিষয়ে সহায়তা করবেন।উল্লেখ্য, এর আগে ২০ ও ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা থাকলেও বারবার সেটা পিছিয়ে দেওয়া হয়। মূলত, SIR প্রক্রিয়ায় যাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ওঠেনি, তাঁদের নথিপত্র পুনরায় যাচাই করার কাজ চলছে। প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…