
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ফের আইনি জটিলতায় জড়ালেন কংগ্রেস নেতা মিলন প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি সমর্থন জানানোর কথা ঘোষণা করার পরই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান মিলন। কিন্তু গত ২৫ নভেম্বর সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা। তবে তাঁর আবেদন মঞ্জুর না করে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তাঁকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতের সেই নির্দেশ মেনেই শুক্রবার নিম্ন আদালতে হাজির হন নন্দীগ্রামের এই পরিচিত কংগ্রেস নেতা। আদালতে পৌঁছেও তাঁর মুখে শোনা যায় একই অভিযোগ—মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।
শুক্রবার দুপুর ২টো নাগাদ আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে মিলনের। তার আগেই তিনি আদালতে পৌঁছে যান। মিলনের অভিযোগ, ২০০৭ সালের মামলায় অনেকেই আজ ঘুরে বেড়াচ্ছে। তাহলে কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না? এমনই প্রশ্ন তোলেন তিনি। আইনের প্রতি সম্মান জানিয়ে বলেন, “কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্ট আমাকে নির্দেশ দিয়েছে নিম্ন আদালতে মানে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে, তাই আজ আমি আইনকে সম্মান ও শ্রদ্ধা করে এখানে এসেছি। আদালত যা সিদ্ধান্ত নেবেন সেই নির্দেশ মেনে চলব।”
প্রসঙ্গত নন্দীগ্রামে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দিতা করেন মিলন প্রধান। নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারিকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। তখন কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মিলন প্রধান ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা ও বেআইনি জমায়েতের অভিযোগ ছিল। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাগুলি পুনরায় চালু হয়। গ্রেফতারির পর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি। গত ৭ অক্টোবর রাজ্যের করা মামলাটি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় এবং হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্ট মিলন প্রধানের জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল।
