India vs New Zealand | ক্রাইস্টচার্চে প্রথম দিনে ৫ উইকেট, মিস করল ভারতীয় দল?

India vs New Zealand
India vs New Zealand

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের খেলা শেষে কি ফের ওয়েলিংটন টেস্টের ছবিই দেখা যাচ্ছে? দিনের শেষের স্কোরবোর্ড অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। আগের টেস্টের মতোই এবারও প্রথম দিনে নিউজিল্যান্ডের পাঁচটি উইকেট তুলে নিয়েছে ভারতীয় বোলাররা। তবে রান তোলার ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই কিউয়িরা। মন্থর ব্যাটিংয়ের মধ্যেও দিনের শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৪৬ রান। ম্যাচের শুরুতে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সেশনে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে লড়াইয়ে ফেরে ভারত। তবে শেষ সেশনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দিনের শেষে কিছুটা স্বস্তিতে কিউয়ি শিবির। ফলে দ্বিতীয় দিনের লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

ওয়েলিংটনে পিচ ছিল একেবারে নিষ্প্রাণ। বল পুরনো হওয়ার পর সেভাবে কোনওরকম সাহায্যই পাননি বোলাররা। ব্যাট করাটা খুব সহজ মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল নেহাত দুর্ঘটনা না ঘটলে উইকেট পড়বে না। তবে ক্রাইস্টচার্চের পিচে ব্যাট করাটা হয়তো অতটা সহজ নয়। অন্তত প্রথম দিন দেখে সেটাই মনে হয়েছে। বল মাঝে মাঝে সুইং হচ্ছে। প্রথম দিনই ওয়াশিংটন সুন্দরের বলে কিছুটা টার্ন লক্ষ্য করা গিয়েছে। কিন্তু, সেসব সামলেও দিনের শেষে যে স্কোর নিয়ে ড্রেসিংরুমে ফিরল তাতে খুব একটা অখুশি হবে না নিউজিল্যান্ড। আবার ভারতও জানে কোনওক্রমে আর একটা উইকেট তুলতে পারলেই বিপদে ফেলা যাবে কিউয়িদের।

এদিন টস জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। আবারও দলে সুযোগ দেওয়া হয়নি মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজাকে। প্রথম নতুন বলটা আগের টেস্টে ভালো কাজে লাগিয়েছিলেন বুমরাহরা। এবার সেটা হল না। প্রথম উইকেটের জুটিতেও নিউজিল্যান্ড তুলে দিল ৭৭ রান। ৭৭ রানে প্রথম উইকেট পায় ভারত। কনওয়েকে আউট করেন গুর্নুর ব্রার। অধিনায়ক টম লেথাম ৫৯ রানে বিশ্রী শট খেলে আউট হওয়ার আগে পর্যন্ত মনে হচ্ছিল বিশাল রানের দিকে এগোবে কিউয়িরা। তবে আকাশদীপ লেথামকে ফেরাতেই মোড় ঘরে ইনিংসের। ১১০ রানের মাথায় পরপর ৩ উইকেট হারিয়ে আচমকা চাপে পড়ে যায় কিউয়িরা। কনওয়েকে ফেরান ব্রার, নিকোলসকে অংশুল কম্বোজ এবং রবীন্দ্রকে আকাশদীপ।

৭৭ রানে ১ উইকেট থেকে কয়েক মিনিটে ১১০ রানে চার উইকেট হারিয়ে ফেলে কিউয়িরা। সেখান থেকে আবার জুটি বেঁধে কামব্যাকের লড়াই শুরু ব্লান্ডেল এবং মিচেলের। পঞ্চম উইকেটের জুটিতে ৭৪ রান যোগ করেন তাঁরা। ব্যক্তিগত ৩১ রানের মাথায় মিচেলকে ওয়াশিংটন সুন্দর ফেরান। কিন্তু মিচেল আউট হলেও ব্লান্ডেল ৫৩ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ফিলিপস। তিনি খেলছেন ৩৬ রানে। চা বিরতির পর মাত্র এক উইকেট খুইয়েছে কিউয়িরা। রানের গতিও কিঞ্চিৎ বেড়েছে। যা চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে। ভারতের তরফে আকাশ দীপ সবচেয়ে সফল বোলার। তিনি দুই উইকেট তুলেছেন। একটি করে উইকেট পেয়েছেন কম্বোজ, ব্রার এবং সুন্দর। প্রশ্ন উঠছে, যে পিচে প্রথম দিনই বল স্পিন করার ইঙ্গিত দিচ্ছে, মাটি আলগা হচ্ছে, সেখানে সিরাজ-জাদেজারা থাকলে আরেকটু কি সুবিধা পেত না টিম ইন্ডিয়া?

নিউজিল্যান্ড: ২৪৬-৫ (লেথাম ৫৩, ব্লান্ডেল ৫৩*, আকাশ দীপ ২-৫২ )

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…