
জগদ্দল, ২৭ এপ্রিল : দ্বিতীয় দফা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনার জগদ্দলে। ওই বিধানসভা এলাকার আটচালা বাগানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। সে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে রবিবার রাতে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার এবং নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিংয়ের উপর হামলার অভিযোগ ওঠে। ভাটপাড়ার জগদ্দল থানার সামনেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই সময় পাথর ছোড়া হয়।
অশান্তির সূত্রপাত হয় আটচলা বাগানে। ওই এলাকায় সন্ধ্যায় দুই দলের সংঘর্ষের খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ নামে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে জগদ্দল থানায় অর্জুনকে নিয়ে উপস্থিত হন বিজেপি প্রার্থী রাজেশ। বিজেপির অভিযোগ, সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে। তাঁদের উপর ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন অর্জুন। থানা থেকে বেরিয়ে রাজেশ আঙুল তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। পাল্টা ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তের অভিযোগ, তাঁদের এক কর্মীকে মারধর করেছে বিজেপি। সেই সময় অভিযোগ জানাতে এলে অর্জুন এবং তাঁর অনুগামীরা তাঁদের উপর চড়াও হন।
