
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সপ্তমীতে সকাল থেকে রাত পর্যন্ত প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা? সকালেই সাজগোজ আর মেকআপ সেরে বেরিয়ে পড়বেন ঠিকই, কিন্তু দিনের শেষে ঠোঁটের লিপস্টিকের রং আদৌ একই রকম থাকবে তো? দীর্ঘ সময় বাইরে থাকলে ধুলো-ধোঁয়া, ঘাম কিংবা বারবার মুখ মোছার কারণে লিপস্টিক ফিকে হয়ে যেতে পারে। তার উপর কোল্ড ড্রিঙ্কস, চা-কফি কিংবা তৈলাক্ত খাবার খেলে ঠোঁটের রং আরও দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। প্যাকেটে ‘ট্রান্সফার প্রুফ’ লেখা থাকলেই যে লিকুইড লিপস্টিক সারাদিন একই ভাবে টিকে থাকবে, এমনটা ধরে নেওয়াও ঠিক নয়।
তাহলে উপায় কী? সঙ্গে লিপস্টিক রাখা অবশ্যই ভাল। তবে প্যান্ডেল হপিংয়ের ব্যস্ততায় বারবার টাচ-আপ করার সুযোগ সবসময় নাও মিলতে পারে। তাই লিপস্টিক লাগানোর পর যাতে তা তুলনামূলক ভাবে বেশি সময় টিকে থাকে, সেদিকে শুরু থেকেই নজর দিতে হবে। তার জন্য প্রথমেই দেখে নিন, লিকুইড লিপস্টিক ব্যবহারের সময় অজান্তেই কোনও সাধারণ ভুল করে ফেলছেন কি না।
১। ঠোঁট যদি অতিরিক্ত শুষ্ক হয় বা ফেটে থাকে, তবে লিপস্টিক লাগানোর পরেও সহজেই উঠে যায়। তাই সবার আগে লিপ বাম ব্যবহার করে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন। এতে লিপস্টিক ভালোমতো বসবে ও দীর্ঘক্ষণ টিকে থাকবে।
২। লিপ লাইনার ব্যবহার করুন। অনেকেই মনে করেন, লিপ লাইনারের প্রয়োজন নেই। কিন্তু আসলে তা নয়। লিপস্টিক লাগানোর আগেই যদি লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশের রেখা এঁকে নেন, তবে এতে লিপস্টিক ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমে।
৩। ঠোঁটের উপর লিপস্টিকের এক বা দু’টি কোট যথেষ্ট। বারবার লিপস্টিক ঘষলে, তা ঠিকমতো বসে না ঠোঁটে। অল্প সহজেই ছড়িয়ে যেতে পারে। গাঢ় রং চাইলে তেমনই লিপস্টিক বেছে নিন, যার এক-দুই কোটেই মনমতো রং পাওয়া যাবে।
৪। অভ্যাস না থাকলে লিকুইড লিপস্টিক ব্যবহার না করাই ভালো। লিকুইড লিপস্টিক তুলনামূলকভাবে বেশি স্টিকি হয়। ফলে তা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে, এক অংশে গাঢ়, অন্য অংশে হালকা হয়ে থাকে। ঘেঁটেও যায় সহজেই।
৫। বুলেট লিপস্টিক লাগানোর পর অনেকে দুই ঠোঁট ঘষে তা সমান করে নেন। ভুলেও লিকুইড লিপস্টিকের ক্ষেত্রে এমনটা করবেন না। এতে লিপস্টিকের ফিনিশ নষ্ট হতে পারে।
৬। লিকুইড লিপস্টিক লাগানোর সময় প্রথমে নিচের ঠোঁটে অল্প করে লাগিয়ে নিন। তারপর উপরের ঠোঁটে লাগিয়ে প্রয়োজনমতো ব্লেন্ড করুন। এতে অতিরিক্ত প্রোডাক্ট জমে যাওয়ার সম্ভাবনা কমে।
সাজের ক্ষেত্রে সবার প্রথম গুরুত্ব দিন স্বাচ্ছন্দকে। যা পরে, যেমন সেজে স্বাচ্ছন্দ বোধ করবেন, তাই হয়ে উঠুক আপনার এবারের পুজোর লুক।
