Festive Home Makeover: উমার আগমনে সেজে উঠুক গৃহকোণ, ঘরের এক প্রান্তেই ফুটে উঠুক পুজোর আমেজ

Durga Puja Home Decor Ideas
Durga Puja Home Decor Ideas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো এলেই ঘর সাজানোর ব্যস্ততা শুরু হয়। নতুন পর্দা, বিছানার চাদর কিংবা পুরনো জিনিসপত্র সরিয়ে ঘরকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা চলে। তবে এ বার চাইলে ঘরের সাজে যোগ করতে পারেন দুর্গাপুজোর বিশেষ ছোঁয়া। সামান্য আয়োজন আর অল্প সময়েই ঘরের অন্দরমহলে ফুটিয়ে তুলতে পারেন উৎসবের আবহ। এতে অতিথিরাও মুগ্ধ হবেন, আর চেনা ঘরটিও হয়ে উঠবে আরও আকর্ষণীয়। খরচ বা পরিশ্রম বেশি নয়, মাত্র আধ ঘণ্টার উদ্যোগেই বদলে যেতে পারে ঘরের চেনা সাজ। 

১। টেবিল, দেওয়াল, বসার ঘরের কোনও একটি কোণকে বেছে নিতে পারেন পুজোর সাজে সাজিয়ে তোলার জন্য। টেবিলের উপরে প্রথমেই নকশা কাটা, পাড় দেওয়া সুন্দর কাপড় বিছিয়ে দিন। মাঝের অংশে রাখুন দুর্গার কোনও মৃণ্ময়ী মূর্তি বা পটচিত্র। ইদানীং কুলোর উপর দুর্গার মুখ দেওয়া রকমারি শো-পিস পাওয়া যায়। ঘর সাজাতে ব্যবহার করতে পারেন সেই সবও।

২। মানানসই ফুলদানি বেছে নিন। দুর্গার মূর্তিটি মাটির হলে মাটির কোনও শৌখিন ফুলদানি নিন। চাইলে মার্বেলের সাদা ফুলদানি কিংবা ইদানীং সেরামিকের যে নানা ধরনের ফুলদানি মেলে তেমনও বেছে নিতে পারেন। দুর্গোৎসবের ছোঁয়া আনতে কাশফুল জোগাড় করে তা সাজিয়ে দিতে পারেন। একান্তই সম্ভব না হলে, কাশফুলের মতো দেখতে নকল ফুল দিয়ে সাজিয়ে নিন ফুলদানি।

৩। পিতলের শৌখিন থালায় সাজিয়ে দিতে পারেন পুজোর নানা রকম উপচার। প্রদীপ, শঙ্খ, দুর্বা, পদ্ম যেগুলি হাতের কাছে পাওয়া সম্ভব তা দিয়েই সাজিয়ে তুলুন। নকশা কাটা কর্পূরদানিও রাখতে পারেন। একমুঠো শিউলিও ছড়িয়ে দিতে পারেন টেবিলে।

৪। আলোকসজ্জা ঘরের পরিবেশ বদলে দিতে পারে। মাটির হ্যারিকেন বা টেরাকোটার বাতিদান এই আবহে বেশ মানানসই হতে পারে। তেমন কিছু সংগ্রহে থাকলে, সেগুলি বার করতে পারেন।

৫। ধুনো এবং ধূপের গন্ধ পুজোর মতো পরিবেশ তৈরি করতে পারে। যদিও ধূপের ধোঁয়া ফুসফুসের জন্য ভাল নয়। চাইলে দরজা খোলা রেখে একটি ধূপ জ্বালাতে পারেন।

শেয়ার করুন:

You might also like!