দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:খড়গপুরে দিলীপ-জুন লড়াইয়ে এবার ‘ডান্স’ বিতর্ক। সোমবার নির্বাচনী সভায় নাম না করে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়াকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাংসদের মনোনয়ন জমার দিনের নাচকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘সারা বছর দেখা মেলে না, আর ভোটের মুখে ডান্স দেখিয়ে ভোট হয় না!’ দিলীপ ঘোষের এই মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ ও ‘কুরুচিকর’ বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। খড়গপুরের ময়দানে উন্নয়ন বনাম ব্যক্তিগত আক্রমণের এই লড়াই এখন তুঙ্গে।
গতকাল, মঙ্গলবার রাতে খড়গপুরের ভবানীপুর মাঠপুকুর এলাকায় সভায় যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি। ওই এলাকার সাংসদ তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। নাম না করে তাঁকেও কটাক্ষ করেছেন দিলীপ। তিনি বলেন, “এখন আরও একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন। তাঁকে দেখেছেন আর? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন।” এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
ওই এলাকায় তৃণমূলের এক নেত্রী সম্পর্কেও নাম না করে কটাক্ষ করেছেন দিলীপ। “রাত ১২টা-১টা নাগাদ কোনও ভদ্রলোক-ভদ্রমহিলা কি রাস্তায় দাঁড়িয়ে চা খান? রাত ১২টা-১টায় কোনও মহিলা বাড়ির বাইরে বেরোন? কোনও ভদ্রলোক রাতের বেলা চা খান? কোনও চায়ের দোকানে মারামারি করে?” এই কথাও বলতে শোনা গিয়েছে দিলীপকে। তিনি আরও বলেন, “চোর-ডাকাতদের হাত থেকে খড়গপুরকে রক্ষা করতে হবে। সেজন্য লড়াই করতে এসেছি। বাড়ি-গাড়ি করব না।”
আজ, বুধবার সকালে খড়গপুরের ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ। এলাকার এক বাসিন্দার নাম এসআইআরে বাদ পড়েছে। সেই বিষয়ে দিলীপকে তিনি জানিয়েছিলেন। দিলীপের পালটা মন্তব্য, এবার আর ভোট দেওয়া যাবে না, সামনের বার দেখা যাবে! সাধারণ মানুষের সমস্যা নিয়ে কীভাবে প্রার্থী এমনভাবে মন্তব্য করতে পারেন? সেই চর্চাও শুরু হয়েছে। ক্ষোভ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে। পরে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ বলেন, “কিছু মানুষের নাম বাদ গিয়েছে। কিছু তো তৃণমূলের তরফ থেকে বিএলওরাই গণ্ডগোল করেছেন। তাঁদেরকে বলেছি ট্রাইবুনালে যাও, না হলে অনলাইনে আবার আবেদন কর।”
