kolkata

1 hour ago

Mamata Banerjee: ‘যারা যাওয়ার, তারা যাক’, দলীয় ভাঙনের মাঝেই ‘শূন্য’ থেকে শুরুর বার্তা মমতার

Trinamool Congress (TMC) chief Mamata Banerjee
Trinamool Congress (TMC) chief Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দলের অন্দরে ভাঙন আরও স্পষ্ট। আরও এক বিধায়ক বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় রাজনৈতিক চাপ বেড়েছে তৃণমূলের ওপর। একইসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সমালোচনাও আরও তীব্র হয়েছে। ২১ জুলাইয়ের শহিদ স্মরণ কর্মসূচির স্থান পরিবর্তন নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই আবহে সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে নতুন করে দল গড়ে তোলার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দলকে নতুনভাবে সংগঠিত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য এবং প্রয়োজনে ‘শূন্য’ থেকে আবার শুরু করার জন্যও তিনি প্রস্তুত।  

তাঁর সঙ্গ ছেড়ে বিদ্রোহী শিবিরে যাওয়াদের আরও একবার বেইমান বলেছেন তিনি। তাঁদের জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন মমতা। পাশাপাশি দলের জন্মলগ্নে লড়াই করতে পারলেও এখনও তিনি লড়াই করতে পারবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এ দিন সোশাল মিডিয়ায় তিনি বলেন, “দলের প্রতীক দেখে আপনারা ভোট দিয়েছিলেন। বেইমানদের জন্য আমি ক্ষমাপ্রার্থী। ১৯৯৭ সালে একা ছিলাম। লড়াই করেছি। এখন ১৮ জন সাংসদ আছে। আরও বিধায়ক আছে। সেই সময় পারলে, ২০২৬ সালেও শুরু করার ক্ষমতা রাখি।” 

ছাব্বিশের নির্বাচনের পর তৃণমূলের ভাঙন পর্ব অব্যাহত। বুধবার ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন মমতার দীর্ঘ দিনের সঙ্গী মদন মিত্র। বিরোধী দল নেতার ঘরে যাওয়ার সময় মদনের দাবি, অভিষেকের জন্য এই দশা। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “অভিষেক বাহানা।  ওর ভুল মাফ হয়ে গিয়েছে। সে লড়ে যাচ্ছে। আগামি ৫০ বছর লড়বে।” মদনের ছেড়ে যাওয়া নিয়ে নাম না করে বলেন, “ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলে, স্ত্রীর নামে নোটিস দেওয়া হচ্ছে। আরও একজন আজ গিয়েছে, আগেই জানিয়েছিলেন তার পরিবারকে ইডি শমন করেছে। বুঝতে পেরেছিলাম। সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।”

এরপরই মমতা তৃণমূলের প্রতিষ্ঠালগ্নের কথা তুলে এনে, বর্তমানেও লড়াই জারি রাখার কথা বলেছেন। ‘শূন্য’ থেকে শুরুর অঙ্গীকার করেছেন তিনি। মমতা বলেন, “১৯৯৮ সালের ১ জানুয়ারি আমরা প্রতীক পাই। ১ মাসের ২২ দিনের মাথায় নির্বাচনে লড়াই করেছি। ৮ এমপি ছিল। ১৯৯৯ সালে ফের লোকসভা নির্বাচন হয়। আমরা ৯ জন হই। ২০০৪ সালে একা হয়ে গিয়েছিলাম। লড়াই করে গিয়েছি। এখন রাজ্যসভায় ১০ জন। লোকসভায় ৮ জন এমপি আছে।” এরপরই তিনি বলেন, “যারা যাওয়ার চলে যাক। ১৯৯৭-৯৮ সালে লড়াই করতে পারলেও ২০২৬ সালেও শুরু করার ক্ষমতা রাখি।” 

এ বছর কালীঘাটপন্থী ২১ জুলাই সমাবেশ হবে বিড়লা প্ল্যানেটরিয়ামে। সেই মিটিংয়ে কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। সেই কথা জানিয়ে মমতা বলেন, “বিড়লা প্ল্যানেটরিয়ামে মিটিং হবে। আমি প্রতিবারের মতো ২০ জুলাই জায়গা পরিদর্শনে যাব। আমি পুলিশকে অনুরোধ করব যেন বিজেপি ও সেটিং পার্টি যেন কোনও ঝামেলা না করতে পারে, তা দেখতে। ডেকোরেটার্স মাইকদের ভয়ও দেখাতে পারে। তবে মনে রাখবেন খালি গলাতেও সভা করতে পারি। বলেছি যখন, মিটিং হবেই। আমরা ৩টে পর্যন্ত মিটিং করব।” 

You might also like!