
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতোই রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। ১৭ আগস্ট থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী সোমবার থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে। তবে প্রথম দিনেই সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছনোয় তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। অনেক মহিলাই এখনও টাকা পাননি বলে অভিযোগ করেছেন। যদিও বিষয়টি নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর বক্তব্য, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী ২০ আগস্ট পর্যন্ত তা চলবে। ফলে যাঁরা এখনও টাকা পাননি, তাঁদেরও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।
আজ, সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন সুমনা সরকার। সেখানেই তিনি বলেন, ”১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন। যোগ্য মহিলাদের টাকা পাঠানো শুরু হয়েছে। ২০ আগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে।” এদিন শুভেন্দু সরকারের ১০০ দিন। স্বভাবতই তা উল্লেখ করে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার নিয়ে বার্তা দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন বিভ্রান্তিমূলক বিভিন্ন খবর ছড়ানো হচ্ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু কোনও বিভ্রান্তির জায়গা নেই বলে স্পষ্ট জানালেন তিনি। সুমনা সরকার বলেন, ”১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। সেখানে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে।” জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১৭ লক্ষের নাম বাদ পড়েছে। সূত্রের খবর, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যোগ পাওয়া গিয়েছে। কিছুক্ষেত্রে সরকারি কর্মচারী এবং আয়কর দেওয়ায় আবেদন বাতিল হয়েছে। তবে আগামিদিনে ফের আবেদনের সুযোগ থাকবে বলে সূত্রের খবর।
বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। বিজেপি সংকল্পপত্র অনুযায়ী এই প্রকল্পে মাসিক ৩ হাজার মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো বেনোজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, যোগ্যরাই এই টাকা পাবেন। সরকারি টাকা নয়ছয় করতে দেবেন না। সেই মোতাবেক মাপকাঠি বেঁধে দিয়েছেন তিনি। সেই মতো যাঁদের মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি। পারিবারিক আয় ১২ লক্ষের বেশি। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। তবে যাঁরা দিবাঙ্গ ভাতা, পিএম কিষান যোজনার অধীনে রয়েছে তাঁরা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে ৩টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে। জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনায় পাবে। তবে তাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না।
