kolkata

1 hour ago

West Bengal Elections 2026: কলকাতায় অমিত শাহ, বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মনোনয়ন কর্মসূচিতে থাকবেন উপস্থিত

Union Home Minister Amit Shah  and Suvendu Adhikari
Union Home Minister Amit Shah and Suvendu Adhikari

 

কলকাতা, ২ এপ্রিল : বিজেপির বরিষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার গভীর রাতে কলকাতায় এসে পৌঁছেছেন। দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রদেশ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারসহ দলের অন্যান্য পদস্থ নেতৃবৃন্দ।

বিজেপি সূত্রের খবর, অমিত শাহ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিল কর্মসূচিতে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত একটি বিশাল মিছিল বের করা হবে। এই মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও এই মিছিলে পা মেলাবেন এবং পরবর্তী মনোনয়ন পর্বেও উপস্থিত থাকবেন।

বিজেপি নেতাদের মতে, এই মনোনয়ন কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের অভিমুখে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচির মাধ্যমে দল নিজের শক্তি প্রদর্শনের প্রস্তুতিও সেরে রেখেছে।

নিরাপত্তার খাতিরে মিছিলের রুট ও মনোনয়ন কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় রদবদল করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সংশ্লিষ্ট এলাকায় 'নো এন্ট্রি' বোর্ডও লাগানো হয়েছে।

উল্লেখ্য, ভবানীপুর আসনটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, যেখানে এবারের লড়াই অত্যন্ত জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যায় গুজরাটি ও হিন্দিভাষী ভোটার রয়েছেন এবং প্রায় ১৭ শতাংশ ভোটার মুসলিম সম্প্রদায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, প্রতিবারের মতো এবারও তিনি এই আসন থেকে জয়ী হবেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারী ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানকার তিনি বর্তমান বিধায়ক।

You might also like!