Life Style News

1 hour ago

Monsoon Gardening: বর্ষার বৃষ্টিতেই সবুজের জাদু! বাড়ির বাগানে চাষ করুন টাটকা সব্জি

Monsoon Home Vegetable Garden
Monsoon Home Vegetable Garden

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে বর্ষার আগমন ঘটতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। কোথাও টানা ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও আবার প্রবল বর্ষণ— প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে। আর এই সময়টাই বাড়ির বাগানে সব্জি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন উদ্যান বিশেষজ্ঞরা। বর্ষাকালে মাটিতে স্বাভাবিকভাবেই পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি তাপমাত্রাও গাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য অনুকূল থাকে। ফলে অল্প জায়গাতেও সহজে বিভিন্ন ধরনের সব্জি চাষ করা সম্ভব। যাঁদের বড় বাগান নেই, তাঁরাও ছাদ, বারান্দা কিংবা বাড়ির সামান্য খোলা জায়গাকে কাজে লাগিয়ে সব্জির বাগান তৈরি করতে পারেন।


∆ বর্ষায় কোন কোন সব্জি ফলাবেন বাড়িতে? 

ঢেঁড়স— বর্ষাকালে চাষের জন্য সবচেয়ে জনপ্রিয় সব্জিগুলির মধ্যে অন্যতম ঢেঁড়স। এই গাছ দ্রুত বাড়ে এবং খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। বড় টব বা ছোট জায়গাতেও সহজে চাষ করা যায়। নিয়মিত ফলন পাওয়ার কারণে নতুন বাগানপ্রেমীদের কাছেও এটি অত্যন্ত জনপ্রিয়। এই চাষে খুব বেশি খাটনির নয় বলে সুবিধাজনক।

করলা— করলা চাষের জন্যও বর্ষা উপযুক্ত সময়। লতানো এই গাছ আর্দ্র পরিবেশে ভাল জন্মায় এবং মাচা পেলে দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যসচেতনদের কাছে করলার চাহিদা থাকায় অনেকে বাড়িতেই এর চাষ করেন। মাচাতেই করলা চাষ বেশি ভাল হয়। তবে ইচ্ছে হলে মাটিতেও চাষ করতে পারেন। সে ক্ষেত্রে জমি একটু উঁচু হওয়া প্রয়োজন। করলা হওয়ার পর সেটি মাচায় করে উপরের দিকে তুলে দিতে পারেন। সরাসরি বীজ মাটিতে না পুঁতে কোকোপিটের মধ্যে রেখে চারা তৈরি করে নিতে পারেন।

ঝিঙে— ঝিঙে বর্ষাকালের আর একটি পরিচিত সব্জি। পর্যাপ্ত আলো পেলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং নিয়মিত ফল দেয়। তবে গাছের গোড়ায় জল জমে থাকলে সমস্যা হতে পারে। তাই জল নিষ্কাশনের দিকে নজর দেওয়া প্রয়োজন। সাদা মাছি বা পোকার আক্রমণ বেশি হয় বর্ষার সময়ে। তাই পোকামাকড় তাড়াতে বিশেষ ব্যবস্থা নিলেই টাটকা সব্জি ফলবে আপনার বাগানে। মাটির বদলে কোকোপিটে চারা তৈরি করার পর মাটিতে রোপণ করতে পারেন। তাতে বেশি ভাল ফলন পাওয়া যাবে।

বেগুন— এই সব্জি অবশ্য শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই ভাল ফলন দেয়। তবে বর্ষায় এটি চাষ করা বেশি সুবিধাজনক। বড় টবে লাগালেও ভাল ফল পাওয়া যায়। নিয়মিত যত্ন এবং সঠিক সার প্রয়োগ করলে একটি গাছ থেকেই দীর্ঘ দিন ধরে বেগুন পাওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রেও পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচানো দরকার।

কাঁচালঙ্কা— রান্নাঘরের অপরিহার্য সব্জি লঙ্কাও বর্ষায় সহজে চাষ করা যায়। অল্প জায়গাতেই গাছ বেড়ে ওঠে এবং নিয়মিত লঙ্কার ফলন হয়। তাই বারান্দার ছোট্ট টবেও লঙ্কা গাছ রাখা যায়। কিন্তু পোকা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। 

তাই বর্ষার এই মনোরম আবহাওয়াকে কাজে লাগিয়ে আজই শুরু করতে পারেন নিজের সব্জি বাগান। অল্প জায়গা ও সামান্য যত্নেই ফলবে নানা ধরনের টাটকা সব্জি। এতে যেমন পরিবারের খাদ্যতালিকায় যোগ হবে পুষ্টিকর খাবার, তেমনই বাগান করার আনন্দও এনে দেবে মানসিক প্রশান্তি। প্রকৃতির আরও কাছাকাছি থাকার সুযোগ করে দেবে এই ছোট্ট সবুজ উদ্যোগ। 

You might also like!