
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতায় সফরে এসে গঙ্গাবক্ষে নৌকাভ্রমণ করে বাঙালির নস্টালজিয়ায় নতুন মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভোরে হুগলি নদীতে তাঁর এই সফরের একাধিক মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়, যা তিনি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন। সাদা পাঞ্জাবি-পায়জামা, চোখে সানগ্লাস এবং গায়ে শাল—এই বিশেষ সাজও নজর কাড়ে নেটিজেনদের। পাশাপাশি ট্রোল-মিমেরও অন্ত নেই। এবার মোদির গঙ্গাভ্রমণ নিয়ে ফিল্মি স্টাইলে খোঁচা দিলেন ঋত্বিক চক্রবর্তী!
নিজের পোস্টে গঙ্গার সঙ্গে বাংলার ঐতিহ্য ও আবেগের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন, ‘প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা নদী বরাবর বিশেষ ভূমিকা নিয়েছে। বলা যায়, বাংলার আত্মার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তার পবিত্র জলধারায় সভ্যতার অন্তহীন কাহিনি লুকিয়ে রয়েছে। আজ সকালে কলকাতায় থাকাকালীন আমি কিছুটা সময় কাটালাম হুগলি নদীতে। মা গঙ্গাকে প্রণাম জানানোর সুযোগ পেলাম। একইসঙ্গে মাঝি এবং প্রাতভ্রমণকারীদের সঙ্গেও দেখা হল, শুভেচ্ছা বিনিময় হল। বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রম দেখে আমি মুগ্ধ। এই হুগলি নদী আমাকে বাংলা এবং বাংলার মানুষের জন্য কাজ করতে আরও অনুপ্রাণিত করেছে।’ তবে এই নৌকাভ্রমণ ঘিরে সোশাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা। বিশেষ করে গরমের মধ্যে প্রধানমন্ত্রীর শাল পরা নিয়ে নানা প্রশ্ন ও রসিকতা ছড়িয়ে পড়ে। সেই আবহেই ব্যঙ্গাত্মক মন্তব্য করেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

Prime Minister Modi takes an early morning boat ride on the Ganges in Kolkata
ফিল্মি ঢঙে পরিস্থিতিকে ব্যাখ্যা করে ঋত্বিক লেখেন,“সিনটা হচ্ছে- ঠাঠাপোড়া গরমে নদীতে নৌকায় বসে ক্যামেরা হাতে ছবি তুলছে গজেন্দ্র! কিন্তু কস্টিউম যিনি করেছেন, তিনি এই তীব্র গরমে ওঁর গায়ে একটা শাল আর ফটোগ্রাফি করার সময় চোখে সানগ্লাস দিয়ে বুঝিয়েছেন প্র্যাক্টিকালি ড্রামা চলছে।” শুধু তাই নয়, মোদিকে ‘অভিনেতা’ আখ্যা দিয়ে ঋত্বিকের সংযোজন, তাই তো গুণীজনেরা বলেন, “শুধু অভিনেতা একা একটা সিনকে উতরে দিতে পারে না, সবার অংশগ্রহণ প্রয়োজন। এমনকী দর্শকেরও।” অভিনেতার এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর রসিকতায় মজা পেলেও, অন্য অংশের মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ করায় সমালোচনায় সরব হয়েছেন। উল্লেখ্য, সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে ব্যঙ্গাত্মক মন্তব্য করার জন্য আগেও আলোচনায় এসেছেন ঋত্বিক। এবারের ঘটনাতেও তাঁর সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
