
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গরম বাড়তেই ঘরে ঘরে পেটের সমস্যার প্রকোপও বেড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে ডায়েরিয়া, বমি ও রক্ত আমাশয়ের মতো সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দূষিত জল ও অস্বাস্থ্যকর খাবারই এর মূল কারণ। বাসি খাবার, রাস্তার কাটা ফল, শরবত কিংবা অপরিষ্কার খাবার থেকে সহজেই শরীরে প্রবেশ করছে ভাইরাস ও ব্যাক্টেরিয়া।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) জানিয়েছে, একাধিক জীবাণুর সংক্রমণ থেকেই এই ধরনের পেটের অসুখ বাড়ছে। তাই শুধু ওষুধ নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোও জরুরি। চিকিৎসকদের একাংশের মতে, নিয়মিত কিছু যোগাসন শরীরকে ভিতর থেকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। পাশাপাশি পরিষ্কার খাবার ও বিশুদ্ধ জল খাওয়ার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
∆ কোন কোন আসন অভ্যাসে পেটের রোগ সারবে?
১। এক পদাসন: ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়াতে হবে, দুই হাত শরীরের দু’পাশে থাকবে। কোমর থেকে শরীর ঝুঁকিয়ে দুই হাত দিয়ে বাঁ পায়ের পাতা ছুঁতে হবে। ডান পা পিছন দিক দিয়ে যতটা সম্ভব উপরে তুলতে হবে। শরীর টানটান থাকবে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। এই ভাবে ৩০ সেকেন্ড থেকে পা বদলে ফের আসনটি অভ্যাস করতে হবে।
২। সিংহগর্জাসন: প্রথমে ম্যাটের উপরে বজ্রাসনে বসতে হবে। খেয়াল রাখতে হবে, দুই হাঁটুর মধ্যে যেন ব্যবধান থাকে। এর পর শরীর সামনের দিকে ঝুঁকিয়ে দুই হাতের তালু, দুই হাঁটুর মাঝে রাখতে হবে। শরীরের ভর হাতের উপর দিতে হবে। নাক দিয়ে গভীর ভাবে শ্বাস টেনে মুখ প্রসারিত করে জিভ বার করতে হবে। মুখ দিয়ে খুব জোরে শব্দ করতে হবে। মাথা সোজা থাকবে এবং দৃষ্টি দুই ভ্রুর মাঝে থাকলে ভাল হয় ।এই ভঙ্গিমায় ২০-৩০ সেকেন্ড থেকে আগের অবস্থায় ফিরে যেতে হবে।
৩। বালাসন বা চাইল্ড পোজ়: হাঁটু মুড়ে গোড়ালির উপর বসতে হবে। তার পর কোমর থেকে শরীরের উপরের অংশ সামনের দিকে হেলিয়ে দিতে হবে। শরীরটা এমন ভাবে ঝোঁকাতে হবে, যাতে বুক ঊরুতে গিয়ে ঠেকে। মাথা ম্যাটের উপরে ঠেকিয়ে হাত দু’টি সামনের দিকে প্রসারিত করে দিতে হবে। শ্বাস স্বাভাবিক রেখে ওই ভঙ্গিতে ৩০ সেকেন্ড থেকে আগের অবস্থানে ফিরে আসতে হবে। এই আসন অন্তত তিন সেট করতে হবে।
