
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরে আর্থিক অনিয়ম ও ‘চেক বাউন্স’ মামলায় বারবার শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এমনকি এই মামলায় তাঁকে জেলেও যেতে হয়েছিল। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা। রাজপালের দাবি, “অনেকেই ভাবছেন এত বছর অভিনয় করে মাত্র ৫ কোটি টাকা শোধ করতে পারিনি! যদি এই টাকার বিষয় গত তা হলে ২০১২-তেই শোধ করে দিতে পারতাম। কিন্তু এই ৫ কোটি টাকার ঋণ বেড়ে গিয়ে দাঁড়ায় ১৭-২২ কোটিতে।” নেপথ্যে রয়েছে রাজপালের প্রযোজিত ছবির বক্সঅফিসে ব্যর্থতা।
এই আর্থিক বিপর্যয়ের মূল কারণ হিসেবে উঠে এসেছে তাঁর প্রযোজিত ছবি ‘অতা পতা লাপতা’-র ব্যর্থতা। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে তৈরি হলেও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি ছবিটি। ফলে ঋণের বোঝা আরও বেড়ে যায়, যা শেষমেশ আইনি জটিলতায় রূপ নেয়। প্রতারণার অভিযোগ প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যর্থতা খুবই স্বাভাবিক বিষয়। তাঁর মতে, “১০০টা ছবির মধ্যে ২০টা সফল হয়, বাকিগুলো ব্যর্থ হয়। একটা ছবি না চললেই সেটা প্রতারণা হয়ে যায় না।”

উল্লেখ্য, ২০১০ সালে দিল্লির একটি সংস্থা থেকে নেওয়া ঋণ শোধ করতে না পারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০১৮ সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেয়, যা পরবর্তীতে বহাল থাকে। চলতি বছর নির্ধারিত অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তিনি আত্মসমর্পণ করেন এবং তিহাড় জেলে যান। তবে সমস্ত বিতর্কের মাঝেও দেশের বিচারব্যবস্থার উপর ভরসা রাখছেন রাজপাল। তাঁর কথায়, এই লড়াই তিনি শুরু করেননি, কিন্তু শেষটা তিনি নিজেই করবেন।
