Entertainment

1 hour ago

Star Couple News: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হুমা কুরেশি? প্রেমিক রচিত সিংহের সঙ্গে নতুন অধ্যায়ের ইঙ্গিত

Huma Qureshi and Rachit Singh are speculated to get married soon
Huma Qureshi and Rachit Singh are speculated to get married soon

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে ফের বিয়ের সানাই বাজতে চলেছে—এমনই জোর জল্পনা ঘিরে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি-কে। অভিনয়ের জন্য প্রশংসিত হলেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি। তবে সাম্প্রতিক একাধিক রিপোর্ট বলছে, খুব শীঘ্রই জীবনের নতুন ইনিংস শুরু করতে পারেন এই অভিনেত্রী।

সূত্রের খবর, দীর্ঘদিনের প্রেমিক ও অভিনয় প্রশিক্ষক রচিত সিংহ-এর সঙ্গে চলতি বছরের অক্টোবরের শেষ বা নভেম্বরের মধ্যে বিয়ের পরিকল্পনা করছেন হুমা। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এই জুটি। জানা যাচ্ছে, মুম্বইয়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতেই হবে মূল বিয়ের অনুষ্ঠান। এরপর বলিউডের সহকর্মী ও বন্ধুদের জন্য আয়োজন করা হবে একটি জমকালো রিসেপশন পার্টির। ফলে তারকাখচিত এই বিয়ে ঘিরে আগ্রহ বাড়ছে ভক্তদের মধ্যেও।


হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান ও স্ক্রিনিংয়ে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। বিশেষ করে সোনাক্ষী সিনহার বিয়েতে তাঁদের উপস্থিতি এবং রংমিলান্তি গোলাপি পোশাকে সকলের নজর কেড়েছিলেন হুমা আর রচিত। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁদের বাগদানের খবরও ছড়িয়ে পড়ে। সেই জল্পনা আরও জোরদার হয় সংগীতশিল্পী আকাসা সিংহ-এর একটি পোস্ট। রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একটা দারুণ রাত কাটালাম।’ রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের। এইরকম বেশ কিছু ঘটনা থেকেই হুমা-রচিতের প্রেমের গুঞ্জন আরও জোড়াল হয়।

উল্লেখ্য, রচিত সিংহ বলিউডের পরিচিত অভিনয় প্রশিক্ষক। আলিয়া ভাট, রণবীর সিং এবং ভিকি কৌশল-এর মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সবমিলিয়ে, বলিউডে আরেকটি তারকাবহুল বিয়ের অপেক্ষায় এখন দর্শক ও অনুরাগীরা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত পুরো বিষয়টাই রয়ে গেছে জল্পনার ঘেরাটোপে।


You might also like!