
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়ার পথে রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার ধুরন্ধর ২। মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই এই ছবি বক্স অফিসে এমন দাপট দেখিয়েছে, যা দীর্ঘদিনের বহু রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।
ট্রেড বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর ২’ এখন দেশের দ্রুততম ৪৫০ কোটির ক্লাবে প্রবেশ করা ছবিগুলির মধ্যে অন্যতম। প্রথম সপ্তাহেই ছবির আয়ের গতি এতটাই তীব্র যে, তা ইতিমধ্যেই দঙ্গল এবং বাহুবলী ২-এর মতো মেগা ব্লকবাস্টারকেও পিছনে ফেলেছে প্রাথমিক সংগ্রহের নিরিখে। ছবির প্রতিদিনের আয় ক্রমশ ঊর্ধ্বমুখী থেকেছে। প্রিমিয়ার থেকে রবিবার পর্যন্ত টানা কয়েক দিনে ছবির মোট আয় ৪৫০ কোটির গণ্ডি পেরিয়ে যায়। বিশেষ করে রবিবারের সংগ্রহ ছিল সর্বোচ্চ, যা ছবির জনপ্রিয়তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

দিনভিত্তিক আয়ের খতিয়ান:
বুধবার (প্রিমিয়ার)- ৪৩.০০ কোটি
বৃহস্পতিবার (প্রথম দিন)- ১০২.৫৫ কোটি
শুক্রবার- ৮০.৭২ কোটি
শনিবার- ১১৩.০০ কোটি
রবিবার-১১৪.৮৫ কোটি
মোট সংগ্রহ- ৪৫৪.১২ কোটি
দঙ্গল (২০১৬): দঙ্গলের লাইফটাইম নেট কালেকশন (৩৮৭ কোটি টাকা) এই ছবি মাত্র ৪ দিনের মধ্যেই টপকে গেছে।
বাহুবলী ২ (২০১৭): প্রভাসের ছবির প্রথম উইকেন্ড বা শুরুর দিকের যে তেজ ছিল, ‘ধুরন্ধর ২’ তাকেও ছাপিয়ে গেছে ভারতের বিভিন্ন রিজিয়নে।
এই বিপুল সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে পরিচালক আদিত্য ধর-এর নির্মাণশৈলী ও চিত্রনাট্যের। করাচির প্রেক্ষাপটে এক ভারতীয় গুপ্তচরের টানটান গল্প দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি করেছে। পাশাপাশি সঞ্জয় দত্ত-এর খলনায়ক চরিত্র এবং আর মাধবন-এর উপস্থিতি ছবিকে আরও শক্তিশালী করে তুলেছে। সমালোচকদের মতে, ‘দঙ্গল’ বা ‘বাহুবলী ২’-এর পর এমন গণ-উন্মাদনা আর কোনো ছবির ক্ষেত্রে দেখা যায়নি।

এই সাফল্যের ফলে রণবীর সিংয়ের তারকাখ্যাতি ও বাজারমূল্য আরও বেড়েছে। বলিউডে তাঁর অবস্থান এখন শীর্ষ সারিতে, এবং ভবিষ্যতে আরও বড় প্রকল্পে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা জোরালো। সলমন খানের ‘টাইগার ৩’ এবং হৃত্বিকের ‘ওয়ার ২’-এর রেকর্ড আগেই ভেঙেছে, এবার আমির-প্রভাসদের গদিও টলিয়ে দিল ‘ধুরন্ধর ২’। বিশেষজ্ঞদের অনুমান, দেশের পাশাপাশি বিদেশের বাজারেও ছবির দাপট অব্যাহত থাকলে খুব শিঘ্রই এটি ১০০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। এমনকি ভারতীয় সিনেমার প্রথম ২০০০ কোটির ছবি হওয়ার দৌড়েও এগিয়ে রয়েছে ‘ধুরন্ধর ২’।
পরিচালক আদিত্য ধরের এই স্পাই-থ্রিলারে একঝাঁক শক্তিশালী বলিউড তারকার উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে। জাসকিরাত সিং রঙ্গী তথা হামজা আলী মাজারির চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সে ছাপ ফেলেছেন রণবীর, আর প্রায় চার ঘণ্টার এই দীর্ঘ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপালকে।
