Entertainment

1 hour ago

Monalisa Bhosle: মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসার বিয়ে ঘিরে বিতর্ক, এবার খুনের হুমকির অভিযোগ

Kumbh Mela Fame Monalisa Bhosle Marriage With Actor Farman Khan
Kumbh Mela Fame Monalisa Bhosle Marriage With Actor Farman Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দক্ষিণী ছবির শুটিং করতে গিয়ে জীবন বদলে যাওয়া এক তরুণীর গল্প এবার নতুন মোড় নিল বিতর্কে। মহাকুম্ভে ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে এবার মুসলিম প্রেমিক ফরমান খানের সঙ্গে বিয়ে করে চর্চার কেন্দ্রবিন্দুতে। পরিবারের অমত উপেক্ষা করে কেরলের তিরুবনন্তপুরমে হিন্দু রীতিতে তাঁদের বিয়ে হয় বলে জানা গেছে। প্রয়াগরাজের মহাকুম্ভে পাথরের মালা বিক্রি করতে গিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন মোনালিসা। সেই ভাইরাল খ্যাতিই তাঁকে পৌঁছে দেয় বিনোদন জগতে। কিন্তু ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তই এখন তাঁকে ঘিরে তৈরি করেছে নতুন বিতর্ক।

বিয়ের খবর সামনে আসতেই মোনালিসার পরিবার ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তোলে। তাঁর বাবা জয়সিংহ ভোঁসলে দাবি করেন,  “আমার মেয়ে গোটা দেশে সুনাম অর্জন করেছে। মোনালিসা আমাকে জানিয়েছিল যে, ও দুটো সিনেমায় অভিনয় করছে। ও নিজেই বলেছিল যে, ক’জন ওকে অভিনয় এবং নাচের প্রশিক্ষণ দিচ্ছে। যাতে ভবিষ্যতে মোনালিসার সিনে কেরিয়ার গড়তে অসুবিধে না হয়। কিন্তু শেষমেশ যে এমন একটা ঘটনা ঘটবে, সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার মেয়ে লাভ জেহাদের শিকার। তাই মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন মোনালিসাকে নিরাপদে আমাদের কাছে ফিরিয়ে আনেন। ফরমান খান নামের এক মুসলিম যুবক প্রতারণা করে আমার মেয়েকে ফাঁদে ফেলেছে। এটি স্পষ্টতই ‘লাভ জেহাদ’-এর ঘটনা।”


সম্প্রতি শত বাধাবিপত্তি পেরিয়ে তিরুবনন্তপুরমে বিয়ে করেছিলেন মোনালিসা। ইসলাম ধর্মাবলম্বী প্রেমিক ফরমান খানের সঙ্গে কেরলের এক মন্দিরে হিন্দু রীতিতে মালাবদল, সাতপাক ঘুরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মহাকুম্ভের মালাপসারিণী। জানা যায়, স্থানীয় বাম প্রশাসনের হস্তক্ষেপেই ফরমান-মোনালিসার বিয়ে হয়। এই বিয়ের অনুষ্ঠানে নাকি কেরল সরকারের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। অপরদিকে বর্তমানে পরিস্থিতি আরও জটিল হয়েছে নতুন অভিযোগে। নবদম্পতির দাবি,  “প্রকাশ্যেই আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই ভিডিওটি একটি চিঠির সাথে সবাইকে মেইল করছি, তাই দয়া করে আমাদের সাহায্য করুন।” এই ঘটনায় রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া মিলেছে। পুরো বিষয়টি ঘিরে উত্তেজনা বাড়ছে, আর এক ভাইরাল মুখের ব্যক্তিগত সিদ্ধান্ত এখন জাতীয় স্তরের আলোচনার বিষয় হয়ে উঠেছে। 

You might also like!