
ভেলোর, ১৩ নভেম্বর : শনিবার রাতে জেলমুক্ত নলিনী শ্রীহরণের গান্ধী পরিবারের সঙ্গে দেখা করার সাধ নেই বলে সাফ জানালেন। তাঁর কথায়, ওঁরাই হয়তো আমার সঙ্গে দেখা করবেন না। তবে গান্ধী পরিবারের প্রতি কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করেছেন রাজীব-হত্যাকারী নলিনী। ৩২ বছর জেলের গারদের ওপারে থাকার পর মুক্তি পেয়ে গান্ধী পরিবারকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। রাজীব হত্যাকাণ্ডে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের সকলের পরিবারের প্রতি ক্ষমা চেয়ে নিয়েছেন নলিনী।
নলিনী বলেছেন, আমার স্বামীর সঙ্গে চলে যাব। ৩২ বছর আমরা আলাদা ছিলাম। আমাদের পরিবার আমাদের জন্য অপেক্ষায় আছে। গান্ধী পরিবারের কারও সঙ্গে দেখা করার আমার ইচ্ছা নেই। আমরা দোষী সাব্যস্ত আসামি। তাই গান্ধীর পরিবারের সঙ্গে দেখা করার কোনও সম্ভাবনাই নেই। এছাড়াও নলিনী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে ৩২ বছর ধরে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। নলিনীর সঙ্গেই মুক্তি পেয়েছেন তাঁর স্বামী শ্রীহরণ। নলিনী বলেন, পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে। আমি স্বামীর সঙ্গে চলে যাব। তাঁদের ভালো ব্যবহারের জন্য মুক্তির নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, বিচারপতিরা জানেন, কোনটা উচিত কাজ, কোনটা অনুচিত। ওনারা যেটা উচিত মনে করেছেন, তাই করেছেন।
