
নয়াদিল্লি, ২২ জুলাই : নিট ইস্যুতে বুধবার সংসদের মকর দ্বারের সামনে বিরোধীদের ধর্না-বিক্ষোভ। কালো কাপড় পরে সংসদে ধর্নায় সামিল হন কংগ্রেস সাংসদরা। শুধু কংগ্রেস নয়, আরও বিরোধী দলের সাংসদরাও বুধবার কালো কাপড় পরে প্রতীকী ধর্নায় সামিল হন। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমি গতকাল নিজেই বলেছি, এটা কোনও গণতান্ত্রিক সরকার নয়। তারা একনায়কতন্ত্রের মতো কাজ করছে। তারা সাংসদদের সম্মান করে না। যারা নিয়ম মেনে প্রতিবাদ করে, তাদেরও তারা হয়রানি করে। ছাত্র এবং কংগ্রেস নেতাদের পরোক্ষভাবে ভয় দেখানোই তারা করে থাকে। আপনারা যদি আমাদের প্রবীণ নেতাদের দমন করার চেষ্টা করেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ রুখে দাঁড়াবে। তখন আপনারা তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা ভয় পাব না, আমরা লড়াই চালিয়ে যাব। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যা করেছেন, তার জন্য আপনারা অনুশোচনা করবেন। আমরা তাদের দেখিয়ে দেব, কংগ্রেস পার্টি এবং ইন্ডি ব্লক লড়াই চালিয়ে যাবে।"
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "আমাদের অবশ্যই ভাবতে হবে, সরকার কেন মন্ত্রীকে সরাতে পারছে না। সরকারের ওপর কী ধরনের চাপ রয়েছে? মন্ত্রীর কাছে কি সরকারের কোনও গোপন তথ্য আছে, যে কারণে সরকার তাকে সরাতে পারছে না? সরকার ভয় পেয়ে এমন আচরণ করছে।"
