
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ''কুকুর'' মন্তব্যের প্রেক্ষিতে উত্তাল হয়ে উঠল সংসদ। কংগ্রেস সভাপতিকে ক্ষমা চাইতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ পীযূষ গোয়েল। পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মল্লিকার্জুন।
মঙ্গলবার রাজ্যসভায় পীযূষ গোয়েল বলেছেন, স্বাধীনতার পর মহাত্মা গান্ধী বলেছিলেন, কংগ্রেস ভেঙে দেওয়া উচিত। খাড়গেজি তার জীবন্ত উদাহরণ এবং দেশকে দেখিয়ে দিচ্ছেন যে গান্ধীজি যা বলেছিলেন তা সত্য। ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁর এখানে থাকার কোনও অধিকার নেই। গোয়েল আরও বলেছেন, বিজেপি, সংসদ এবং এই দেশের জনগণের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।
মল্লিকার্জুন খাড়গে এদিন রাজ্যসভাতেই বলেছেন, "আমি বাইরে যা বলেছি তা যদি পুনরাবৃত্তি করি তাহলে তাদের পক্ষে এটি কঠিন হয়ে যাবে। ''মাফি মাঙ্গে ওয়ালে লোগ'' যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, তাদের ক্ষমা চাইতে বলছে...আমি বলেছি ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী আত্মত্যাগ করেছেন। আপনাদের মধ্যে কে দেশের ঐক্যের জন্য জীবন দিয়েছেন?" খাড়গে আরও বলেছেন, রাজস্থানের আলওয়ারে ভারত জোড়ো যাত্রার সময় আমি যা বলেছিলাম তা সদনের বাইরে ছিল। আমি যা বলেছি তা রাজনৈতিকভাবে হাউসের বাইরে, ভেতরে নয়। সে বিষয়ে এখানে আলোচনার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, আমি এখনও বলতে পারি স্বাধীনতা সংগ্রামে তাঁদের কোনও ভূমিকা নেই।
