
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মোমোর নাম শুনলেই অনেকের মুখে জল চলে আসে। বিকেলের জলখাবার হোক কিংবা সন্ধ্যার আড্ডা, গরম গরম মোমো আর ঝাল চাটনির জুটি যেন এখন বাঙালির অন্যতম প্রিয় খাবার। তবে বাইরে থেকে বারবার কিনে খাওয়ার বদলে যদি বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে মোমো তৈরি করা যায়, তাহলে স্বাদ যেমন মিলবে, তেমনই থাকবে স্বাস্থ্য সুরক্ষিত। অনেকেই মনে করেন, মোমো বানাতে বিশেষ স্টিমার থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে বিষয়টি মোটেও তেমন নয়। বাড়ির রান্নাঘরে থাকা সাধারণ একটি প্রেশার কুকার দিয়েই খুব সহজে স্টিম করা যায় মোমো। কুকারের ভিতরে সামান্য জল দিয়ে একটি স্ট্যান্ড বা জালি বসিয়ে তার উপর মোমো রেখে ঢাকনা বন্ধ করে কয়েক মিনিট স্টিম করলেই তৈরি হয়ে যাবে নরম, রসালো এবং দোকানের মতো সুস্বাদু মোমো।
∆ কী কী লাগবে?
খোলস বানাতে: ময়দা, তেল, নুন ও জল।
পুর বানাতে: চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা-রসুন কুচি, সোয়া সস, সামান্য নুন ও গোলমরিচ।
চাটনি বানাতে: টমেটো, শুকনো লঙ্কা, রসুন, লেবুর রস, নুন, চিনি ও তেল।
∆ প্রণালী—
* প্রথমেই ময়দা, অল্প তেল আর নুন একসঙ্গে মিশিয়ে জল দিয়ে একদম নরম একটা মণ্ড মেখে নিন। এরপর আধ ঘণ্টার জন্য ঢেকে রেখে দিন।
* কড়াইতে তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ ও চিকেন কিমা দিয়ে হালকা ভেজে নিন। ওপর থেকে সোয়া সস, নুন ও গোলমরিচ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই মোমোর পুর তৈরি!
* ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। ভেতরে বেশ খানিকটা পুর দিয়ে নিজের পছন্দমতো মোমোর আকৃতি গড়ে নিন।
∆ প্রেসার কুকারে কীভাবে বানাবেন?
* প্রেশার কুকারে দেড় গ্লাস জল ঢালুন।
* জলের ওপর একটি ফুটো করা থালা বা জালি স্ট্যান্ড বসান। খেয়াল রাখবেন, জালিটি যেন কোনওভাবেই জল না স্পর্শ করে।
* জালিটির ওপর সামান্য তেল মাখিয়ে দিন, যাতে মোমো আটকে না যায়।
* এবার একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো সাজিয়ে দিন।
* প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করার আগে রবার ও সিটি (হুইসল) অবশ্যই খুলে নেবেন।
* এবার মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট রাখুন। ভাপেই তৈরি হয়ে যাবে ধোঁয়া ওঠা নরম মোমো!
∆ স্পেশাল ঝাল চাটনি কীভাবে বানাবেন?
টমেটো ও শুকনো লঙ্কা সেদ্ধ করে নিন। টমেটোর খোসা ছাড়িয়ে সেদ্ধ লঙ্কা আর রসুনের সঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। কড়াইতে সামান্য তেল দিয়ে ওই পেস্টটি ঢালুন। এতে সামান্য লেবুর রস, নুন ও চিনি দিয়ে একটু কষিয়ে নিলেই তৈরি আপনার চাটনি। গরম গরম এই মোমো আর চাটনি একসঙ্গে পরিবেশন করুন, বাড়ির সবাই চেটেপুটে খাবে!
