
কলকাতা, ১৭ আগস্ট : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল এলাকায় ঘনীভূত নিম্নচাপের প্রভাবে সোমবারও রাজ্যজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৭ আগস্ট পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া—এই তিন জেলার দু-এক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানেও দু-এক স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং দুই বর্ধমানের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। উত্তরবঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বাজ পড়ার সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবারও দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে আগামী ১৮ আগস্ট পর্যন্ত বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণে আবহাওয়া দপ্তর ১৮ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করেছে।
