
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসবের আগে ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার রীতি বহুদিনের। বাড়ির প্রতিটি কোণ ঝেড়েমুছে সাজিয়ে তোলার পাশাপাশি অনেকেই বাস্তু মেনে ঘর পরিষ্কারের দিকেও নজর দেন। বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, বাড়ি অপরিষ্কার ও অগোছালো হয়ে থাকলে সেখানে নেতিবাচক শক্তির প্রভাব তৈরি হতে পারে। যার প্রভাব পড়তে পারে পরিবারের সুখ-শান্তি ও দৈনন্দিন জীবনে।
তবে এই বিশ্বাস অনুযায়ী, ঘর পরিষ্কারের পদ্ধতিতে সামান্য পরিবর্তন আনলেই নাকি দূর করা যায় নেতিবাচকতার প্রভাব। আর তার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই। ঘর মোছার সময় জলের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নেওয়ার পরামর্শ দেন বাস্তুশাস্ত্রবিদদের একাংশ। বাস্তুবিশ্বাস অনুযায়ী, নুন নেতিবাচক শক্তি শোষণ করতে পারে। পাশাপাশি নজরদোষ বা কুনজরের প্রভাব থেকেও নুন রক্ষা করতে পারে বলে মনে করা হয়। তাই ঘর মোছার জলে অল্প নুন মিশিয়ে পরিষ্কার করলে বাড়ির পরিবেশ থেকে নেতিবাচকতা দূর হতে পারে বলে প্রচলিত বিশ্বাস। তবে এটি বাস্তুশাস্ত্রভিত্তিক একটি বিশ্বাস, এর বৈজ্ঞানিক প্রমাণ নেই।
∆ এবার জেনে নেওয়া যাক কীভাবে নুন ব্যবহার করবেন:
একটি পাত্রে জল নিন। তাতেই মেশান সৈন্ধব নুন। জল ও নুন একসঙ্গে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। নুন মিশে যাওয়ার পর তা মোছার জন্য ব্যবহার করতে হবে। তবে গরম জল দিয়ে ঘর মুছবেন না। তাতে লাভ হবে না কিছুই। ওই জলটিকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। তারপরই তা ঘর মোছার কাজে ব্যবহার করতে পারেন। বাস্তুমতে তাতেই উপকার পাওয়া যায় সবচেয়ে বেশি।
মোছার পর এই নুন জল যেকোনও জায়গায় ফেলবেন না। তাতে কিন্তু বিপদ হতে পারে। সাধারণত আমরা ঘর মোছা জল বাথরুমে ফেলে দিই। তবে ভুলেও নুন জল ফেলবেন না। এই জলে যেহেতু নেতিবাচক শক্তি শোষণ করে বলেই মনে করা হয়। তাই বাড়ির ভিতরে ফেললে কোনও লাভ হবে না। পরিবর্তে বাড়ির বাইরে কিংবা বাড়ি থেকে দূরে কোনও নালা কিংবা উপযুক্ত জায়গায় ফেলতে হবে। তাতেই মিলবে সুফল।
