
কলকাতা, ১৪ মে : প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। ভর্তি করাতে হয়েছিল হাসপাতালে। সেখানেই মৃত্যু হল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
সুধাংশু ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত অধুনা লুপ্ত কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্রের সাংসদ ছিলেন। পাঁচ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে কলকাতা পুরসভায় গিয়েছিলেন তিনি। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত মেয়র পারিষদ ছিলেন। আসন পুনর্বিন্যাসের কারণে অধুনা লুপ্ত জোড়াবাগান বিধানসভা কেন্দ্র থেকে ২০০১ সালে নির্বাচিত হন তিনি। রাজনৈতিক মহলে ‘মিন্টুদা’ নামেই পরিচিত ছিলেন সুধাংশু। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
