kolkata

2 years ago

Abhijit Gangopadhyay:পর্ষদ সভাপতিকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Abhijit Gangopadhyay
Abhijit Gangopadhyay

 

কলকাতা, ১ ডিসেম্বর, : পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর! প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, এরপর দু’মাস পার হয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করার জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

শুক্রবার এই বিষয়টিকে সামনে রেখেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে কড়া হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিচারপতি।

২০১৪ সালের এক টেট পরীক্ষার্থীর নিয়োগ নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। চাকরিপ্রার্থীর নাম পল্লব বারিক। তাঁর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানিয়েছেন, টেট পরীক্ষার্থী পল্লব টেট পাশ করেননি বলে প্রথমে জানিয়েছিল পর্ষদ। কিন্তু গত বছর আবার তারা জানায়, পল্লব টেট পাশ করেছেন। শুধু তা-ই নয় ৯২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। পল্লব নিজের নম্বর জানতে পেরে এর পর চাকরির দাবিতে মামলা করেন কলকাতা হাই কোর্টে।

গত ২১ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই মামলায় নির্দেশ দেন, পল্লবকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে পর্ষদকে । কিন্তু শুক্রবার মামলাটি আবার তাঁর এজলাসে উঠলে তিনি জানতে পারেন, দু’মাস পেরিয়ে যাওয়ার পরও আদালতের নির্দেশ কার্যকর করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এ কথা শুনেই বিচারপতি প্রশ্ন করেন, পর্ষদ কি ইচ্ছে করেই তাঁর নির্দেশ কার্যকর করেনি? তা-ই যদি হয়, তবে তাদের অবিলম্বে অর্থাৎ শুক্রবারই ওই নির্দেশ কার্যকর করতে হবে।

বিচারপতি হুঁশিয়ারির দিয়ে বলেন, ‘‘চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।’’

বিকেল ৩টে ২০ মিনিটের মধ্যে আদালতের পূর্ব নির্দেশ মানতে হবে বলেও নির্দিষ্ট করে দেন বিচারপতি। ফলে আদালতের নির্দেশ মানলে, টেট পরীক্ষায় পাশ করা ওই চাকরি প্রার্থীকে দুপুর ৩টে ২০ মিনিটের মধ্যেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে। এর পরে কোর্ট থেকে ওই চাকরিপ্রার্থীকে পর্ষদ অফিসেও পাঠানো হয়।


You might also like!