
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : পালাবদলের পর বাংলার প্রথম দুর্গাপুজো ঘিরে রাজনৈতিক মহলেও বাড়ছে নজর। সূত্রের খবর, মহাসপ্তমীতে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে বেলুড় মঠে পুজো দেওয়ার পর শহরের একাধিক দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। বেলুড় থেকে বালি হয়ে শ্রীভূমি—শাহের সম্ভাব্য পুজো পরিক্রমা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে তাঁর সফরসূচি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
দুর্গাপুজো মানেই বাংলার মানুষের কাছে আবেগ। সকলে বছরভর অপেক্ষা করেন স্রেফ এই সময়টার জন্যই। আর এবারে দুর্গাপুজো যে অন্যবারের তুলনায় একেবারে আলাদা, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, বিজেপি ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। আর সরকার যে বাঙালিকে এই সময়টায় উপহারে ভরিয়ে দিতে চায় তার প্রমাণ মিলেছে মহালয়ার সন্ধ্যায়। ইডেনের মেগা ইভেন্টের প্রশংসা শোনা গিয়েছে সকলের মুখে। আগে জানা গিয়েছিল, মহালয়ার সন্ধ্যায় ইডেনে উপস্থিত থাকবেন অমিত শাহ। কিন্তু পরবর্তীকালে তাঁর সফর বাতিল হয়ে যায়।
সূত্রের খবর, মহালয়ায় আসতে পারেননি তিনি ঠিকই, তবে মহাসপ্তমীতে বাংলায় থাকবেন শাহ। ওইদিন সকালে বেলুড় মঠে যাবেন তিনি। সেখান থেকে বালির দেশবন্ধু ক্লাবের পুজো পরিদর্শনে যাবেন শাহ। ফিরে সৌজন্যে যাবেন তিনি। এরপর দেড়টা নাগাদ চেতলা ২৪ পল্লি দুর্গাপুজো পরিদর্শনে যাওয়ার কথা শাহের। ২ টোয় চেতলা থেকে শোভাবাজার রাজবাড়ি যাবেন তিনি। এরপর যাবেন শ্রীভূমি।
