kolkata

51 minutes ago

Dilip Ghosh: বহিরাগতদের ভোটার বানিয়ে ভোট করানোর রাজনীতি আর চলবে না, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

নিউটাউন, ১৩ অক্টোবর : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য ও আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে কড়া ভাষায় তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কালীঘাট তৃণমূলের সুপ্রিমোর বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি এবং রাজ্যকে ধ্বংস করার মতো গুরুতর অভিযোগ তুলে ধরেন।

দিলীপ ঘোষ বলেন, “বাংলার মানুষ ১৫ বছর ওঁকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে উনি যা খুশি তাই করেছেন এবং গোটা বাংলাকে ধ্বংস করে দিয়েছেন। এখন দেখুন আমরা কী করছি। বাইরে থেকে লোক ঢুকিয়ে তাদের ভোটার বানিয়ে ভোট করানোর যে রাজনীতি চলছিল, এ দেশে তা আর কোনোভাবেই চলবে না।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “এটা ওঁর বহু পুরনো অভ্যাস, আর সেই কারণেই এখন উনি এই পরিণতি বা শাস্তির মুখোমুখি হয়েছেন। ওঁর দল এখন সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। বাংলার সাধারণ মানুষ সব দেখছেন এবং ভবিষ্যতে কী করতে হবে, সেই সিদ্ধান্ত মানুষই নেবেন।” ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ যাওয়া সংক্রান্ত বিতর্কে অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, “কোনও প্রকৃত বা যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না। সুপ্রিম কোর্টও একই কথা স্পষ্টভাবে জানিয়েছে এবং সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে। আমার মতে, বিষয়টি নিয়ে কিছুটা দ্রুত কাজ করা দরকার, বিশেষ করে যাদের নাম এখনও স্ক্রুটিনি বা খতিয়ে দেখার আওতায় রয়েছে, তা পরিষ্কার হওয়া উচিত। যাঁরা দেশের যোগ্য ভোটার তাঁদের নাম যুক্ত করা হবে, আর যাঁরা অযোগ্য বা অবৈধ তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে—এটা নিশ্চিতভাবেই ঘটবে। এই নিয়ে যাঁরা অতিরিক্ত রাজনীতি করতে চাইছেন, তাঁরা যা খুশি করতে পারেন।”

You might also like!