
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর মরশুমেও জেলেই থাকতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কর্তা তথা রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী তত্ত্বের কথা মাথায় রেখেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তাঁকে জামিন দেয়নি বলে জানা গিয়েছে। তবে জামিনের আবেদন খারিজের জন্য আদালতের তরফে আলাদা করে কোনও কারণ উল্লেখ করা হয়নি। ফলে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এতদিন নিজের হাতে সাজিয়ে তুলতেন সুজিত বসু, এ বছর জেলের বাইরে থেকে সেই আয়োজন দেখার সুযোগও হচ্ছে না তাঁর। আপাতত জেলবন্দি অবস্থাতেই থাকতে হবে প্রাক্তন মন্ত্রীকে।
গত মে মাসে রাজ্যে পালাবদলের পরই সুজিত বসু-সহ তৃণমূলের একাধিক বিধায়ক, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। তার আগেই অবশ্য পুরসভা ও শিক্ষক নিয়োগের মতো গুরুতর মামলার দায়িত্বভার পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তার তদন্ত আরও গতি এনে গত ১২ মে গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী ও বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে। সেই থেকে তিনি জেলবন্দি। শুধু পুরনিয়োগ দুর্নীতি নয়, তদন্তের গভীরে গিয়ে কেঁচো খুঁড়তে কার্যত কেউটে বের করেন তদন্তকারীরা। একাধিক আর্থিক দুর্নীতি, ছেলের রেস্তরাঁয় একাধিক বেআইনি কাজের অভিযোগ ওঠে। সুজিত বসুকে নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালান জায়গায় জায়গায়। এসবের জেরে বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়।
এবার পুজোর আগে জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন দমকল মন্ত্রী। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তিনি ওই আবেদন খারিজ করে দেন। ইডির তরফে আইনজীবীর দাবি ছিল, তাঁকে জামিন দিলে প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করতে পারেন। তাতে তদন্তে অসুবিধা হবে। ইডির সেই সওয়াল শুনে বিচারপতি জামিন মঞ্জুর করেননি। ফলে পুজোর সময়ও তাঁকে জেলেই থাকতে হবে।
