
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী সোমবার, ১৭ আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেলেও এখনও বহু উপভোক্তা এই কিস্তির টাকা পাননি। কেন তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ল, তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এর পাশাপাশি নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার সুযোগ রয়েছে কি না, থাকলে কীভাবে আবেদন করতে হবে, সেই বিষয়েও স্পষ্ট ধারণা নেই অনেকের। তাই কারা টাকা পেলেন না, সম্ভাব্য কারণ কী এবং ফের আবেদনের সুযোগ থাকলে কীভাবে তা করা যাবে—এই প্রতিবেদনে রইল তার বিস্তারিত তথ্য।
সরকারের তরফে বারবার জানানো হয়েছে, নথিতে সমস্যা না থাকলে কারও নাম বাদ যাবে না। তা সত্ত্বেও দেখা গিয়েছে, অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি অন্নপূর্ণার তিন হাজার টাকা। স্বাভাবিকভাবেই চিন্তায় আবেদনকারীরা। জানা গিয়েছে, আপাতত বন্ধ থাকলেও ১৯ আগস্ট থেকে পুনরায় চালু করা হবে অন্নপূর্ণার পোর্টাল ‘সোশাল রেজিস্ট্রি’। জানা গিয়েছে, পোর্টালেই প্রকাশ করা হবে যাদের নাম বাদ গিয়েছে তাঁদের তালিকা। সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে নাম বাতিলের কারণ।
পুনরায় আবেদন করবেন কীভাবে?
প্রথমত আপনাকে অপেক্ষা করতে হবে ২০ আগস্ট পর্যন্ত। কারণ, ওইদিন পর্যন্ত টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও না হলে ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টালে গিয়ে প্রথমে দেখে নিন কেন নাম বাদ দেওয়া হয়েছে।এরপর সঠিক তথ্য দিয়ে ক্লেইম ও অবজেকশন করা যাবে। এরপর ফের আপনার আবেদনপত্র ভেরিফিকেশন করা হবে। যাচাই পর্বে এবার যদি পাশ করে যান তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
কোন কোন কারণে বাতিল হতে পারে আবেদন পত্র?
করদাতাদের আবেদনপত্র বাতিল করা হচ্ছে।
১০ হাজারের বেশি আয় থাকলে বাতিল হতে পারে।
কারও নামের পাশে লেখা থাকতে পারে ‘নট ফাউন্ড’, অর্থাৎ ভেরিফিকশনের বাড়ি গিয়ে আবেদনকারীকে পাওয়া যায়নি।
