
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পূরণে আরও বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়াম থেকে তিনি জানালেন, উপভোক্তার সংখ্যা বাড়তে থাকায় এই প্রকল্পে রাজ্য সরকারের বরাদ্দও বাড়ানো হবে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার জন্য বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে সেই অর্থে প্রকল্প চালানো সম্ভব হবে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী মে মাস পর্যন্ত প্রকল্পের খরচ সামলাতে বরাদ্দ বাড়িয়ে প্রায় ৪৮ হাজার কোটি টাকা করা প্রয়োজন। মুখ্যমন্ত্রী আরও জানান, “১ কোটি ৪৫ লক্ষের অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। উপভোক্তার সংখ্যা বাড়বে। আমরা বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি। তাতে হবে না। মে মাস পর্যন্ত চালাতে ৪৮ হাজার কোটি টাকা লাগবে।”
১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১০ জুলাই পর্যন্ত আবেদন করা ১ কোটি ৬৬ লক্ষের আবেদনপত্র যাচাই করা হয়েছে। তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাদের ব্যাঙ্কে ৩ হাজার টাকা ঢুকে যাবে। ২০ তারিখ দুপুরের মধ্যে এই বিপুল উপভোক্তা টাকা পাবেন। যাঁরা ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করেছেন সেই বাকি থাকা ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। তাঁদের মধ্যে যাঁরা যোগ্য হবে তাঁরা টাকা পেয়ে যাবেন। প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা মিলবে। এ ছাড়াও কোনও যোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ পড়লে তাঁরা ২০ তারিখ থেকে শুরু হওয়া নতুন পোর্টালে আবেদন করতে পারবেন। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন। যোগ্য মনে করা হলে নাম যুক্ত করা হবে। এই পুরো বিষয়টি মাথায় রেখে অন্নপূর্ণায় বরাদ্দ বৃদ্ধি কথা জানালেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প চালাতে রাজ্য সরকারের বছরে মোট ৪৮ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
