
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে তাঁদের প্রেমের গল্পও কম চর্চায় ছিল না। এমনকি মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরই তাঁদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে বলেও জোর গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু সেই সম্পর্কেই এবার নাকি ছন্দপতন। বিশ্বকাপজয়ী তারকা লামিনে ইয়ামালের মন এখন আর প্রেমিকা ইনেস গার্সিয়া স্যান্তোসের প্রতি নেই বলেই দাবি বিভিন্ন মহলের। জানা যাচ্ছে, ইয়ামালের জীবনে নাকি নতুন কারও আগমন ঘটেছে। ব্রাজিলীয় তারকা রাফিনহার বোনের সঙ্গে তাঁকে ছুটি কাটাতে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে বলেও ছড়িয়েছে নানা খবর। যদিও এই সম্পর্কের বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ইয়ামাল বা সংশ্লিষ্ট কেউ। এদিকে এই খবরেই নাকি ক্ষুব্ধ ইনেস। শেষ পর্যন্ত ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেই গুঞ্জন। ফলে বিশ্বকাপের পর ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইয়ামালের ব্যক্তিগত জীবন।
সরকারি ভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি ইয়ামাল। কিন্তু বিশ্বকাপ চলাকালীন আমেরিকায় এসে যেভাবে ইয়ামালের জন্য মানসিক সাহচর্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইনেস, তারপর থেকে আর নতুন করে বোঝাতে হয়নি দু’জনের সম্পর্কের রসায়ন। ভাইরাল হয়ে যাওয়া ইয়ামালের ভাইকে সামলানো হোক বা স্পেনের হয়ে গলা ফাটানো-সমাতালে সবই করেছেন ইনেস। বিশ্বকাপ হাতে নিয়ে ইয়ামালের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে। এমনকী গুঞ্জন ছড়ায়, ইয়ামালের সন্তানের মা হতে চলেছেন ইনেস। যদিও সেই জল্পনার সত্যতা যাচাই করা যায়নি।

বিশ্বকাপের পর আপাতত ফুটবলাররা সকলেই ছুটির মেজাজে। ইয়ামালকেও দেখা গিয়েছিল ইনেসের সঙ্গে। কিন্তু তারপরই ছন্দপতন। ভক্তদের একাংশ দাবি করছেন, ইনেস নাকি টিকটকে ক্ষোভ উগরে দিয়েছেন। স্প্যানিশ ফুটবলারকে রীতিমতো ‘প্লেবয়’ তকমা দিয়েছেন ইনেস, এমনটাই তাঁদের মত। ইনেস নাকি বলেছেন, ইয়ামাল বারবার ধোঁকা দিয়েছেন তাঁকে। সম্পর্কে থাকা সত্ত্বেও অন্যান্য মহিলাদের প্রতি আকৃষ্ট হন ইয়ামাল। এমন গুরুতর অভিযোগ এনে স্প্যানিশ তারকার সঙ্গে ‘ব্রেকআপ’ করেছেন ইনেস, এমনটাই গুঞ্জন ছড়ায়।
এই খবর ছড়ানোর আবহেই ভাইরাল হয় বিকিনি পরিহিতা সুন্দরীর সঙ্গে ইয়ামালের ছবি। অনেকে দাবি করেন ওই সুন্দরী আসলে রাফিনহার বোন। যদিও বাস্তবটা একেবারে অন্যরকম। ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে, এই ছবি এআই নির্মিত। এমনকী ইনেসের তরফ থেকেও ইয়ামালকে নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। যদিও অতীতে জামাকাপড়ের মতোই প্রেমিকা বদলের ইতিহাস রয়েছে ইয়ামালের।
