UP MLC Results: শিক্ষিত ভোটারদের দুষেই কি হারের ব্যাখ্যা? রাজভরের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি

UP Minister OP Rajbhar
UP Minister OP Rajbhar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দেশের চার রাজ্যের ২৮টি বিধান পরিষদ আসনের চূড়ান্ত ফল প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিশেষ করে দুই রাজ্যের ফলাফল নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। এরই মধ্যে দুই রাজ্যে শরিকি দ্বন্দ্বও ক্রমশ তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী তথা বিজেপির শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওমপ্রকাশ রাজভরের মন্তব্যে নতুন করে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। নির্বাচনে হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “বিধান পরিষদের নির্বাচনে শুধু শিক্ষিতরাই ভোট দেন। তাই বিজেপি হেরেছে। এই ফল জনমতের প্রকৃত প্রতিফলন নয়।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। 

আসলে উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনেও সুখকর ফল হয়নি বিজেপির। ১১ আসনের মধ্যে ৬ আসন জিতলেও শক্তি অনেকটা বাড়িয়েছে সমাজবাদী পার্টি। মোদির গড় বারাণসীর গ্র্যাজুয়েটস এবং টিচার্স-দুই আসনেই জিতেছে সপা। ফলাফলের পর সপা সুপ্রিমো অখিলেশ যাদব দাবি করেছেন, “সমস্ত সরকারি ক্ষমতা, অসাধু উপায়েও বিধান পরিষদ নির্বাচনে মুখরক্ষা হল না বিজেপির। ওদের ব্যাগ গোছানোর সময় হয়ে গিয়েছে।” রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও মানছেন, সমাজবাদী পার্টি এমন সব আসনে জিতেছে, যেগুলিতে তাঁদের জয়ের কথা ছিল না। 

এসবের মধ্যে হার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ওমপ্রকাশ রাজভর বলেন, “জনগণ তাঁদের রায় দিয়েছেন। তবে এটি শিক্ষিত ভোটারদের রায়, সাধারণ জনগণের রায় নয়।” রাজভরের যুক্তি, এই বিধান পরিষদের ফলাফলকে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন বলা যায় না। তিনি বলছেন, “মনে রাখবেন, বিধানসভা নির্বাচনের সময় এই শিক্ষিত ভোটাররা আর বুথমুখী হবেন না, তখন কেবল সাধারণ ভোটারদেরই বুথে দেখা যাবে।” রাজভর বলছেন, ভারতের রাজনীতিতে এটাই নিয়ম হয়ে গিয়েছে। যোগীর মন্ত্রীর ওই মন্তব্য নিয়ে হাসাহাসি শুরু হয়েছে নেটদুনিয়ায়। বিরোধীদের কটাক্ষ, “সত্যিটা মেনেই নিলেন।” যদিও একটু ভালো করে ভেবে দেখলে রাজভরের দ্বিতীয় বক্তব্যের সঙ্গে একমতই হতে হয়। বিধানসভা বা লোকসভার মতো নির্বাচনে তথাকথিত শিক্ষিতদের তুলনায় সাধারণ ভোটারদেরই ভোটের লাইনে বেশি দেখা যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…