kolkata

2 years ago

Weather Forecast : রাজ্য জুড়ে ঠান্ডার শিরশিরানি, কবে শীত আসছে? জানুন কী বলছে হাওয়া অফিস

Kolkata Weather Forecast (File Picture)
Kolkata Weather Forecast (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাতাসে ইতি মধেই শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে, তবে কি বাংলায় শীত এসে পড়ল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। যার উত্তরও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিনের  আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। 

পশ্চিমবঙ্গের ওপরে আপাতত কোনও ওয়েদার সিস্টেম নেই। ফলত, আগামী পাঁচ দিন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনাও নেই। সেইসঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই।। হাওয়া অফিস জানিয়েছে,  কালীপুজোতেও রাজ্যের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।  

পূবালী হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বইছে। যে কারণে  দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা পারদ নামবে। পশ্চিমাঞ্চলে পারদ এখনই ২০–র নীচে নেমেছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।   

বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। 

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হাওয়া অফিস বলছে,  কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পূর্বাভাস,  চলতি সপ্তাহের মধ্যে শহরে আরও বেশ কিছুটা তাপমাত্রা নামবে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। সেইসঙ্গে  ২০ ডিগ্রির ঘরে নামতে পারে শহরের  তাপমাত্রা। 

You might also like!