International

2 years ago

International News:ক্রিমিয়া নিয়ে চীনের রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা ফ্রান্সের

Chinese Ambassador to France Lu Shaye
Chinese Ambassador to France Lu Shaye

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফ্রান্সে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, আন্তর্জাতিক আইনে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর ‘প্রকৃত মর্যাদা’ নেই। ইউক্রেনের মতো সাবেক সোভিয়েত দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলায় এর প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স।

গত শুক্রবার একটি ফরাসি টেলিভিশনের সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত লু শায়েকে প্রশ্ন করা হয়েছিল ক্রিমিয়া ইউক্রেনের অংশ কি না। উত্তরে তিনি বলেন, ইতিহাস বলে এটি রাশিয়ার অংশ এবং সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ইউক্রেনকে দিয়ে দিয়েছিলেন।

লু আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনে এই সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর প্রকৃত কোনো মর্যাদা নেই। কারণ তাদের সার্বভৌম মর্যাদা বাস্তবায়িত করার জন্য কোনো আন্তর্জাতিক চুক্তি নেই।’চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যেসব মিত্র দেশ সংকটে পড়েছে, তাদের প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সংহতি’ রয়েছে। তিনি বলেন, ‘দশকের পর দশক নিপীড়নের পর’ এই রাষ্ট্রগুলো তাদের স্বাধীনতা অর্জন করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ‘বিশেষ করে ইউক্রেনের বিষয়ে বললে, ক্রিমিয়াসহ দেশটিকে ১৯৯১ সালে চীনসহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছিল।’ তিনি বলেন, চীনকে স্পষ্ট করতে হবে যে এই বক্তব্য তাদের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন কি না।

ফ্রান্স ছাড়াও সাবেক সোভিয়েতভুক্ত বেশকয়েকটি দেশ চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্যের নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া।

চীনের রাষ্ট্রদূতের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহযোগী মিখাইলো পোডোলিয়াক। তিনি এক টুইটে লিখেছেন, ‘নিজেদের হাজার বছরের ইতিহাস নিয়ে সচেতন একটি দেশের প্রতিনিধির কাছ থেকে ‘‘ক্রিমিয়ার ইতিহাস’’ নিয়ে এমন অযৌক্তিক কথা শোনাটা অদ্ভুত।’

এ বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

You might also like!