পূর্ব মেদিনীপুর, ১৩ অক্টোবর : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা সম্পর্কে বিতর্কে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকেই সমর্থন করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
জাতীয় মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে গিয়ে দুদিন আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনকর বলেন, “রাজ্যে শাসনের আইন নয় শাসকের আইন চলছে। বাংলার রাজ্যপাল হিসেবে ৩ বছর সাংবিধানিক দায়িত্ব পালন করেছি। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে সেইসময় এই রিপোর্ট দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন।
উপরাষ্ট্রপতি হওয়ার পরেও জগদীপ ধনকরের মুখে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে এই মন্তব্যে প্রকাশ্যে প্রতিবাদ করেছে তৃণমূল। এর প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, "উপরাষ্ট্রপতি বলেছিলেন, রাজ্যে শাসনের আইন নয় শাসকের আইন চলে। এটা আমরাও বলেছি। আমাদের বিরোধী নেতাও বলেছে এবং এই বিষয়টি সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ তুলে দিলীপবাবু বলেন, পাড়ায় পাড়ায় খুন, ধর্ষণ, কলকাতার ওয়ার্ডে-ওয়ার্ডে বাচ্চা ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে খুন করা, ধর্ষণ করা, মহিলাদের জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটছে।"
খড়গপুর শহরের বোগদা এলাকায় চায়-পে চর্চায় যোগ দেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তিনি উপরাষ্ট্রপতির মন্তব্যে সায় দেন। এর পরই দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে শাসকদলের নেতাদের তোপ দাগেন দিলীপবাবু। তাঁর কথায়, "যাঁরা শাসন চালাবেন তাঁরা এখন পার্টি বাঁচাতে, নেতা বাঁচাতে, পরিবার বাঁচাতে ব্যস্ত। রোজ কোনও না কোনও নেতা, সাংসদ, বিধায়করা জেলে যাচ্ছেন। দুর্নীতি চরমে উঠেছে। বিসর্জনের বাজনা বেজে গিয়েছে। সেই জন্যই সরকারের কাছ থেকে আর কিছু আশা করা যাচ্ছে না বলেই মানুষ কোর্টে যাচ্ছে। না হয়, কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করছে।"
