
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের বহুচর্চিত অভয়া-কাণ্ড নিয়ে বাংলা জুড়ে যে আলোড়ন তৈরি হয়েছিল, তার প্রভাব এবার পৌঁছে গেল বড়পর্দাতেও। ঘটনার প্রেক্ষাপটে ‘তিলোত্তমা’ নামে একটি ছবি নির্মাণের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু ঘোষণার মুহূর্তে আচমকাই বদলে গেল সব পরিকল্পনা।
মঙ্গলবার কলকাতার এক নামী হোটেলে ছবিটি নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে ‘তিলোত্তমা’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নির্মাতারা জানান, আপাতত এই নামে কোনও ছবি তৈরি হচ্ছে না। পরিবর্তে পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘হীরক রানীর দেশে’-র ঘোষণা করেন। এই ছবির অন্যতম আকর্ষণ দীর্ঘদিন পর বাংলা সিনেমায় অভিনেত্রী জয়া প্রদার প্রত্যাবর্তন। তাঁর সঙ্গে অভিনয় করবেন বাদশা মৈত্র, রাজনন্দিনী পাল, ভাস্বর চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়-সহ একাধিক পরিচিত মুখ।

প্রসঙ্গত, ‘তিলোত্তমা’ ছবির বিষয়ে প্রায় এক বছর ধরে গবেষণা চালিয়েছিলেন পরিচালক। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে আসার কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু বলতে চাননি তিনি। উজ্জ্বলের কথায়, “হঠাৎই মনে হয়েছে এই ছবিটি করব না। মত পরিবর্তন করেছি।” যদিও পরে তিনি ইঙ্গিত দেন, সংশ্লিষ্ট পরিবারের পূর্ণ সম্মতি না পাওয়াই সিদ্ধান্ত বদলের অন্যতম কারণ। পরিচালক জানান, “একজন মায়ের ইচ্ছাকে আমি সম্মান করি। তাই সেই প্রকল্প আপাতত এগোচ্ছে না।” সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এদিন উপস্থিত ছিলেন না।
অন্যদিকে ‘হীরক রানীর দেশে’ সম্পর্কে উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি। ছবির কেন্দ্রীয় চরিত্র ‘হীরক রানী’র ভূমিকায় অভিনয় করবেন জয়া প্রদা। যদিও নিজের চরিত্র নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি অভিনেত্রী। তিনি শুধু জানিয়েছেন, বাংলা ছবিতে কাজ করতে পেরে তিনি অত্যন্ত উৎসাহী। পরিকল্পনা অনুযায়ী, জুন মাস থেকেই ছবির শুটিং শুরু হবে এবং চলতি বছরের দুর্গাপুজোর সময় মুক্তির লক্ষ্য রাখা হয়েছে।
