West Bengal

5 hours ago

Bengal Weather Update: ভ্যাপসা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, ২০ তারিখ থেকে আবহাওয়ায় বদলের পূর্বাভাস

Summer Heat
Summer Heat

 

কলকাতা, ১৭ জুন : রাজ্যে বর্ষা পা রাখলেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গুমোট গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই পুরোপুরি মুক্তির সম্ভাবনা নেই। সকাল থেকেই চড়চড় করে বাড়ছে পারদ, আর বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দিনভর বজায় থাকছে গলদঘর্ম পরিস্থিতি। তবে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে সপ্তাহের শেষেই। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে। ওই দিন থেকে বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই কোনও ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা।

হাওয়া অফিস জানিয়েছে, ২০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতেই মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বা বজ্রপাতের আশঙ্কাও থাকছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ কিছুটা নামবে, যা গত কয়েকদিনের ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে দক্ষিণবঙ্গবাসীকে সাময়িক স্বস্তি দেবে। তবে আগামী দু-তিন দিন এই অস্বস্তিকর ও গুমোট আবহাওয়া জারি থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।

You might also like!