
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মেসি সফর বিতর্কে দীর্ঘ টালবাহানার পর অবশেষে তদন্তকারীদের মুখোমুখি হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে টানা তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ায় তাঁকে ঘিরে আইনি জটিলতা এবং সম্ভাব্য গ্রেপ্তারির জল্পনা তৈরি হয়েছিল।বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছে তদন্তে অংশ নেন। সূত্রের খবর, আগেই তাঁর হাজিরার সম্ভাবনার কথা সামনে এসেছিল। সেই কারণে সকাল থেকেই থানার সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়।
গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল বাংলা। রাজ্যে পালাবদলের পরেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অভিযোগ জানান থানায়। যেখানে শতদ্রু দাবি করেন, মেসি সফরের জন্য ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল। তার মধ্যে গা জোয়ারি করে ২২ হাজার টিকিট অরূপ নিজেই নিয়েছিলেন। আর তা অন্যত্র বিক্রিও করা হয়েছিল। এমনকী মেসির নিরাপত্তা প্রোটোকলও প্রাক্তন মন্ত্রী মানতে চাননি বলে অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই অরূপ বিশ্বাসকে নোটিস পাঠায় পুলিশ। একবার নয়, তিনবার নোটিস দেওয়া হয় তাঁকে। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা।
যদিও এই মামলায় ইতিমধ্যে রক্ষাকবচ পেয়েছেন অরূপ বিশ্বাস। আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না বলে জানিয়েছে হাই কোর্ট। তবে তদন্তে সবরকমভাবে অরূপ বিশ্বাসকে সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছে। এরপরেই এদিনের হাজিরা।
