
কলকাতা, ১৮ জুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এখনই গরমের অস্বস্তি থেকে মুক্তির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। অর্থাৎ বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে, স্বস্তির বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই এসে গিয়েছে বর্ষা। কিন্তু, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল, আর তাই বৃষ্টির দেখা নেই। মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, তাতে অস্বস্তি কমছে না। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভ্যাপসা গরমে অস্বস্তি কলকাতাতেও।
